" />
AmaderBarisal.com Logo

মহাসেন’র তাণ্ডবে বরগুনায় ৮ জনের মৃত্যু (আপডেটেড)

মনির হোসেন কামাল
আমাদেরবরিশাল.কম

১৬ May ২০১৩ Thursday ৫:০৮:০৯ PM

storm-mohasen-kalapara মহাসেন’র তান্ডব কলাপাড়াবরগুনা :: ঘূর্ণিঝড় ‘মহাসেন’র প্রভাবে বরগুনায় আট জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বামনা উপজেলায় তিনজন, বেতাগীতে দু’জন এবং আমতলী, তালতলী ও পাথরঘাটা উপজেলায় একজন করে মারা গেছেন।

নিহতরা হলেন- বামনা উপজেলার জয়নগর এলাকার আনোয়ার হোসেন(৬০), একই উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ ঝুমুর আক্তার নাদিরা (৩০), একই উপজেলার রামনা এলাকার মোশাররফ হোসন ওরফে হারুন সিকদার (৭০), বেতাগী উপজেলার রানীপুরের সৈয়দ আলী (৭৫), একই উপজেলার বকুলতলি গ্রামের শিশু আবির (৬), তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের চাঁন মিয়া (৭০), আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের এস এম আলী (৬৫) ও পাথরঘাটা উপজেলার ঘুটাবাসা গ্রামের হনুফা বেগম (২৫)।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, বামনা উপজেলায় ‘মহাসেন’র প্রভাবে তিনজনের মৃত্যু হয়েছে। এদর মধ্যে আনোয়ার হোসেন বজ্রপাতে মৃত্যুবরণ করেন। এছাড়া লক্ষ্মীপুরা গ্রামের ঝুমুর আক্তার নাদিরা ও রামনা এলাকার মোশাররফ হোসন ওরফে হারুন সিকদার সাইক্লোন সেন্টারে আসার সময় ঝড়ের তান্ডবে রাস্তার পাশে পড়ে মারা যান। নিহত গৃহবধূ ঝুমুর সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বেতাগীতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃদ্ধ সৈয়দ আলী আগে থেকে অসুস্থ ছিল। ঝড়ের সময় হার্ট অ্যাট্যাকে সে মৃত্যুবরণ করেন। এবং বাড়ির পাশে বজ্রপাত হলে ‘আতঙ্কিত হয়ে’ শিশু আবির মারা যায় বলে পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আমাদের বরিশাল ডটকমকে বলেন, বৃদ্ধ চাঁন মিয়া ছোট আমখোলা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। তিনি ঠান্ডার অসুখে ভুগছিলেন। ঝড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে বসেই ঠান্ডায় ‘আতঙ্কিত হয়ে’ তিনি মারা যান।

আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামের এস এম আলী ঝড়ের সময় গাছচাপা মারা যান।

পাথরঘাটা উপজেলার ঘুটাবাসা গ্রামের কালমেঘা ইউনিয়নের আমজেদ হওলাদারের মেয়ে হনুফা বেগম ঘূর্ণিঝড়ের সময় ঘরচাপা পড়ে মারা যান।

বৃহস্পতিবার ভোর থেকেই জেলায় ঝোড়ো হাওয়া বইছে। সেইসঙ্গে চলছে প্রবল বৃষ্টি। বুধবার রাত থেকেই জেলার অধিকাংশ এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনার নিচু এলাকায় ছয় থেকে সাত ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বরগুনা শহরের কিছু নিচু এলাকা তলিয়ে গেছে। ভেঙে পড়েছে বহু গাছপালা।

জেলা প্রশাসন বলছে, বরগুনার ৩২৪টি আশ্রয়কেন্দ্রে ৬৫ হাজার লোক আশ্রয় নিয়েছেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।