|

ক্ষয়ক্ষতি ও প্রাণহানী কমেছে সচেতনতায়
বিদ্যুৎ বিপর্যয়ের পরও সতর্কবার্তা জানায় লোকবেতার
আমাদেরবরিশাল.কম
১৬ May ২০১৩ Thursday ৮:৫৪:২৫ PM
বরগুনা:: সঠিত তথ্য দিয়ে লোকজনকে সচেতন করতে পারলে প্রাণহানীসহ অনেক ধরনের ক্ষতি থেকে বাচানো সম্ভব। যার প্রমান রেখেছে, বরগুনা লোকবেতার এফএম ৯৯.২। ঘূর্ণিঝড় মহাসেন যখন উপকূলের দিকে ধেয়ে আসছিলো, ঠিক সেই সময়ে বুধবার বিকেল ৪ টার সময়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে জেলা শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর তখনই শুরু হয়েছিল, অবিরাম বর্ষণ ও মুহুর্মুহু বজ্রপাতের গর্জন। বিদ্যুৎ নির্ভর অনেকগুলো গনমাধ্যমের বার্তা শোনা থেকে শ্রোতারা বঞ্চিত হন। আর তখনই লোকবেতার বিকল্প বিদ্যুত ব্যবহারের মাধ্যমে সম্প্রচার চালিয়ে যেতে থাকে। শ্রোতারাও নির্ভরশীল হয়ে পরে লোকবেতারের উপর। রাতে একবার বিদ্যুৎ আসলেও ৪ ঘন্টা পরে আবার চলে যায়। রাত ১২ টা থেকে পরের দিন মহাসেন চলে না যাওয়া পর্যন্ত লোকবেতার সম্প্রচার চালিয়ে লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিতে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে।
আর এই কষ্টের ইতিবাচক ফল পাওয়া গেছে, মহাসেন চলে যাবার পরে। লোকবেতারের সম্প্রচার যে এলাকায় শোনা যায়, সেই এলাকায় কোন লোক মারা যায়নি। অথচ লোকবেতারে সম্প্রচার শোনা যায়না, এমন তিনটি উপজেলায় ঘূর্ণিঝড় মহাসেনের তান্ডবে এ পর্যন্ত ছয়জন মারা গেছে। বৃহস্পতিবার রাত তিনটা থেকে বরগুনায় দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করে। একই সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। আর সেই ঝড়ের তান্ডবে জেলার বেতাগী উপজেলার পূর্ব আলীপুর গ্রামের সৈয়দ আলী খান (৭৫) গাছ চাপায়, একই উপজেলার বকুলতলী গ্রামের ৬ বছরের শিশু আবির হোসেন বজ্রপাতের আতঙ্কে, তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের চান মিয়া গাছ চাপায় (৬০), বামনার জয়নগর এলাকার আনোয়ার হোসেন ঘর বিদ্ধস্ত হয়ে চাপা পরে এবং একই উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের গর্ভবতি ঝুমুর আক্তার নাদিরা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আছড়ে পরে ও একই এলাকার মোশাররফ হোসেন বিদ্ধস্ত ঘরে চাপা পড়ে (৫৫) মারা গেছে। পশ্চিম বরগুনা বস্তির সোহেল রানা, সালমানসহ অনেকেই জানালেন, লোকবেতারের সম্প্রচার না শুনতে পেলে তারা ঘূর্ণিঝড় সম্পর্কে কিছুই জানতে পারতোনা।
সম্পাদনা: ডিভিশনাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
|
|