" />
AmaderBarisal.com Logo

নানকের ভাইয়ের অর্থ বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেয়ায়

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সাইফ আমীন
আমাদেরবরিশাল.কম

২১ May ২০১৩ Tuesday ১১:১৭:৩৪ PM

Barisal Map বরিশাল মানচিত্রবরিশাল :: মন্ত্রীর ভাইয়ের ঠিকাদারী কাজের জন্য জমা ব্যাংক গ্যারান্টির অর্থ অবৈধভাবে বাজেয়াপ্তের সিধান্ত গ্রহন করা হয়েছে দাবি করে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও ইসলামী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ২১ মে মঙ্গলবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ্যাডঃ জাহাঙ্গীর কবির নানকের ছোট ভাই ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নূরী এন্টারপ্রাইজের সত্বাধিকারী নাসির উদ্দিন লিটু বাদী হয়ে বরিশাল ১ম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মোঃ আলমগীর কবির মামলাটি গ্রহন করে বাদীর একাউন্ট থেকে অর্থ উত্তোলণ করে তা বাজেয়াপ্তের সিদ্ধান্তের পক্রিয়ার প্রতি কেন নিষেধাঙ্গা জারী করা হবে না এই মর্মে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও ইসলামী ব্যাংকের প্রেসিডেন্টকে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৮ আগষ্ট হিজলার মেমনিয়া এলাকার টেকেরহাট হতে আলীগঞ্জ রোডে জাইকার অর্থায়নে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে দুটি আর. সি.সি ব্রিজ নির্মানের জন্য দরপত্র আহ্বান করে এলজিইডি। কাজটি পায় নগরীর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুরী এন্টারপ্রাইজ। এরপর কাজের ব্যাংক গ্যারান্টির অর্থ বাবদ ঠিকাদারী প্রতিষ্ঠান ১১ লাখ ৮৮ হাজার ৫শ টাকার ব্যাংক গ্যারান্টি দেন।

মামলায় আরো উল্লেখ করা হয়, মেঘনা নদীর ভাঙ্গনসহ বিভিন্ন প্রতিকুলতার কারনে ঠিকাদারী প্রতিষ্ঠানটি হিজলার মেমনিয়া এলাকায় মালামাল পৌছতে ব্যর্থ হয়। এছাড়া ব্রিজ নির্মানের জন্য এলজিইডি’র দেয়া রড, সিমেন্ট, বালুর মূল্য বর্তমান বাজার মূল্যের চেয়ে কয়েকগুন কম নির্ধারণ করা হয়। ফলে কাজটি পেলেও ঠিকাদারী প্রতিষ্ঠানটি এসব প্রতিকুলতার কারনে তা শুরু করতে পারেনি। অন্যদিকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য এলজিইডি ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে চাপ দিতে থাকে। এরপর ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে না জানিয়ে ওই ব্যাংক গ্যারান্টি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয়। গত ১৫ মে ব্যাংক গ্যারান্টির অর্থ বাজেয়াপ্ত করতে বাদীর একাউন্ট থাকা ইসলামী ব্যাংকে নোটিশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে বাদী আদালতে মামলাটি দায়ের করেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির জেষ্ঠ্য আইনজীবি একে এম আলমগীর হোসেন বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন।

মামলার বাদী নাসির উদ্দিন লিটু জানান, মেসার্স নুরী এন্টারপ্রাইজের সুনাম রয়েছে। কিন্তু এলজিইডি ব্রিজ দুটি নির্মানের জন্য যে রেট ধরেছেন তা দিয়ে ব্রিজ নির্মান সম্ভব হবে না। অন্য কোন ঠিকাদারী প্রতিষ্ঠান হলে ওই রেট দিয়েই নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ নির্মান করে তা বুঝিয়ে দিত। এছাড়াও নদী ভাঙ্গন এলাকা হওয়ায় মালামাল পরিবহন দুরহ হয়ে পড়েছে।

এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমীন আমাদের বরিশাল ডটকমকে বলেন, জাইকার অর্থায়নে এই দরপত্র আহ্বান করা হয়েছে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান দু’বছরেও কাজটি সম্পন্ন করতে না পারায় নিয়ম মোতাবেক তাদের ব্যাংক গ্যারান্টির টাকা বাজেয়াপ্ত উদ্যেগ গ্রহন করা হয়েছিল।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।