" />
AmaderBarisal.com Logo

শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র ‘নৃ’ এর শেষ ভাগের স্যুটিং


আমাদেরবরিশাল.কম

২৩ May ২০১৩ Thursday ২:০৬:৫২ PM

nree-the-movie উইজার্ড ভ্যালীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচিত্র নৃবিনোদন ডেস্ক :: নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রযোজনা সংস্থা ‘থিম থিয়েটার উইজার্ড ভ্যালী’র প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নৃ’ তার শেষভাগের চিত্রায়নের কাজ শুরু করতে যাচ্ছে।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে এদেশে চলচ্চিত্রের অবস্থা মোটেও সন্তোষজনক না। সেই সময়ে দাঁড়িয়ে সার্বিক শুদ্ধতার অঙ্গীকারে নতুন একটি চলচ্চিত্র নির্মানের প্রয়াস চালানো মোটেই সহজ কাজ নয়। তবুও কেউ কেউ থাকে যারা সময়ের বুকে দু:সাহসী হয়ে ওঠার সাহসটি দেখাতে পারে। প্রতিবন্ধকতার পাহাড় ডিঙিয়ে সেই সাহসের বরাতেই মোটামুটি দুই ধাপে সম্পন্ন হয়েছে চলচ্চিত্র ‘নৃ’র প্রায় পয়তাল্লিশ ভাগ চিত্রায়ন। এ সময় অর্থ সংকট দেখা দিলে এ বছরের গত তিন এপ্রিল চলচ্চিত্রটির স্যুটিং বন্ধ হয়ে যায়। এ অবস্থায় এই চলচ্চিত্রের প্রয়োজনে থিম থিয়েটার উইজার্ড ভ্যালী’র সাথে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসেন এক প্রবাসী প্রযোজক। বরিশালে জন্ম বিধায় এই মানুষটি, সম্পূর্ণ বরিশালে জন্ম নেয়া এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির পাশে দাঁড়াবার ইচ্ছা পোষণ করেন।

এ প্রসঙ্গে চলচ্চিত্রটির পরিচালক রাসেল আহমেদ, আমাদের বরিশাল ডট কমকে জানান- ‘ব্যাপারটা সত্যি আনন্দের। যখন আমরা টাকার অভাবে সিনেমাটা শেষ করতে পারছিলাম না, হাবুডুবু খাচ্ছিলাম। তখনই এই অভাবনীয় সাহায্য, সত্যি মিরাকল।’ এই চলচ্চিত্রের ধরণ, গল্প ও বিন্যাসই এই মিরাকল ঘটিয়েছে বলে তার বিশ্বাস। গল্পের ধরন সম্পর্কে রাসেল আহমেদ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন- ‘সব বলে দিলে হলে গিয়ে দেখবেন কি? আর বরিশালের মানুষ কথায় না, কাজে বিশ্বাসী।’ তবুও কথায় কথায় তার সাথে আলোচনায় উঠে আসে কিছু টুকরো। চলচ্চিত্র ও বর্তমান সময়ে তার অবস্থান, উত্তরণ প্রসঙ্গে আরো বেশ কিছু কথা।

কথায় কথায় তিনি জানান- চলচ্চিত্র মূলত জীবনেরই চিত্রায়ণ। কেবল ব্যক্তিক ও পারিবারিক জীবন নয়, সামজিক, রাষ্ট্রিক, ঐতিহাসিক, পৌরাণিক জীবনও হয়ে থাকে চলচ্চিত্রের অন্বিষ্ট বিষয়। এমনকি ফ্যান্টাসি, লোককাহিনী বা ভৌতিক কল্পকাহিনী নিয়েও নির্মিত হতে পারে সার্থক চলচ্চিত্র। এর মধ্যে সমাজের চলমান ঘটনাকে বিষয় হিসেবে নির্বাচন করা হয় যে চলচ্চিত্রে, তাকেই সাধারণত সামাজিক চলচ্চিত্র বলা হয়। চলচ্চিত্রের সুস্থ ধারা সৃষ্টিতে এই ধরনের চলচ্চিত্রের ভূমিকা সবচেয়ে বেশি। ধরতে গেলে এ ধারারই একটি চলচ্চিত্র ‘নৃ’।

জীবন ও প্রকৃতির আলোকিত পথপ্রদর্শনে ধর্ম মঙ্গলের তরে বিন্যস্ত। সার্বজনীন মূল্যবোধে প্রতিটি মানুষের অপার মূল্যায়ন যেখানে প্রকৃতির উপস্থাপনায়, উদাহরনে।

নৃ’র গল্পে বরিশাল মহাশ্মশানের চন্ডাল জুটি দিলীপ-রাধার জীবন দর্শনই প্রতিফলিত হয়েছে। ধর্ম-জীবন-দর্শনে অ™ভূত উপলব্ধি, তথাকথিত নিচু জাতের এই দুই চন্ডাল ঘুরে বেড়িয়েছে আক্ষরিক বিস্তর জীবন-পথ-প্রান্তর। এছাড়াও এ গল্পের সাথে সাথে মাখামাখি হয়েছে বরিশালের মাধবপাশায় অবস্থিত ঐতিহাসিক জলাধার দূর্গাসাগরের প্রচলিত মিথ আর বাংলার সহজিয়া, দরদিয়া ও মরমিয়া বোধ।

তিনি জানান, শিশুচরিত্রকে প্রাধান্য দিয়ে নির্মিত হওয়ার কারণে নৃ’কে শিশুতোষ চলচ্চিত্রও ভেবে বসতে পারেন কেউ কেউ। এখানে একটা শিশু চরিত্রকে কেন্দ্রীয় চরিত্র করার পেছনে কয়েকটি কারণ রয়েছে। একটা শিশুর চোখ দিয়ে সমাজ ও সময়কে দেখানোর চেষ্টা হয়েছে। যে শিশুটার মধ্যেই মূলত খাঁটি মানুষটা বিচরন করে। নৃ তো মানুষেরই কথা বলবে। আর আমাদের আকাঙ্খা- কেন্দ্রীয় চরিত্র শিশু হবার কারনে এই চলচ্চিত্র ছোট থেকে বড়, সার্বজনীন গ্রহণযোগ্যতা পাবে।

পরিচালক রাসেল আহমেদ আরও জানান- চিত্রায়নের কাজ আগামী এক মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে, আশা করছেন তিনি। যদিও বৃষ্টির সময়টা ঝূঁকিপূর্ণ সময়। তবুও তিনি আশাবাদী। সবকিছু ঠিকঠাক মতো এগোলে এ বছরের ভেতরই চলচ্চিত্রটি সম্পূর্ণরূপে সম্পন্ন হবে বলে তিনি জানান।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।