" />
AmaderBarisal.com Logo

ভোলায় মন্দিরে হামলার ঘটনায় তিন জন জেলহাজতে

অচিন্ত্য মজুমদার
আমাদেরবরিশাল.কম

১০ June ২০১৩ Monday ১১:৫১:০১ AM

ভোলা মানচিত্রভোলা :: ভোলার লালমোহন অন্নদা প্রসাদ গ্রামে মন্দিরে হামলা, ভাংচুর ও পুরোহিত পরিবারকে মারধর করার ঘটনায় মামলার তিন আসামী সোমবার হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এসব আসামীরা হচ্ছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী লোকমান হোসেন, মিজানুর রহমান (পিচ্চি মিজান), এনাউলাহ এনু (গালকাটা এনু)।

এ মামলার ১৩ জন আসামীর মধ্যে এর আগে আরো ৩ জনকে পুলিশ আটক করেছিল। গত ৩১ মে দুপুরে অলিউল্লাহ অলি ক্যাডার বাহিনী নিয়ে মহাপ্রভূ মন্দিরে হামলা করে। এসময় ৮টি বিগ্রহ ভাংচুর করে। পুরোহিত কিরন শংকর কোকিলা, তার মা বৈষ্ণব বিরিঙ্গী বালাসহ ৪/৫ জনকে বেদম মারধর করে মন্দির ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। ঘটনার পর পর জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও , ওসিসহ কয়েকটি মানবাধিকার সংস্থা, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা, উপজেলা পর্যায়ের সাংবাদিকরা ঘটনাস্থ পরিদর্শন করেন। ওই এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

এদিকে, লালমোহন আওয়ামী লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম গত ১০ দিনে ঘটনাস্থলে না গিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় ওই এলাকায় এমন কোন ঘটনা ঘটেনি বক্তব্য দেয়ায় রোববার ওই বক্তব্যের প্রতিবাদ করেছেন হিন্দু নেতারা। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের বিপক্ষে অবস্থান নিয়ে নিন্দা জানান। আইন শৃঙ্খলা সভায় ঘটনা সত্য উল্লেখ করে বক্তব্য রাখেন বিটিভি প্রতিনিধি আবু তাহের, প্রেসক্লাব প্রতিনিধি এম হাবিবুর রহমান। জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার মুহাঃ মনিরুজ্জামানও জানান তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে অলিউলাহ জোরপূবর্ক ঢেরস খেতে গরু চড়াতে গেলে নিষেধ করায় ঝর্না রানী নামে এ মহিলাকে মন্দির থেকে ৫শ ফুট দুরে রাস্তায় বেদম মারধর করে। আশংকাজনক অবস্থায় পড়ে থাকা আহত ঝর্না রানীকে হাসপাতাল পাঠাতে মন্দিরের পুরোহিত সাহায্য করায় দুপুরে দলবল নিয়ে মন্দিরে হামলা করে অলি বাহিনী। ওই মন্দিরের ১২ কানি সম্পত্তি রয়েছে। যা দখলেরও পায়তারা করছিল অলি বাহিনী এমন অভিযোগও রয়েছে।

এদিকে হামলাকারীদের গ্রেফতার ও ঘটনার নিন্দা জানিয়ে সোমবারও এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগেও মানববন্ধন ও সমাবেশ করেছে ডিফেন্ডার রাইটস ফোরাম ও জেলা পূজাউদযাপন পরিষদ। এছাড়াও লালমোহনউপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম হাওলাদারের নেতৃত্বে একটি দর ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে এক মতবিনিময় সভা করেন।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।