" />
AmaderBarisal.com Logo

কামালকে লক্ষ্য করে গুলির অভিযোগ

পুলিশের গুলিতে মেয়রপ্রার্থী কামালের এক সমর্থক আহত


আমাদেরবরিশাল.কম

১২ June ২০১৩ Wednesday ৯:১৮:১০ PM

পুলিশের গুলিতে আহত মেয়রপ্রার্থী কামাল সমর্থক হারুন। তার বুকে সাতটি গুলি লেগেছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

পুলিশের গুলিতে আহত মেয়রপ্রার্থী কামাল সমর্থক হারুন। তার বুকে সাতটি গুলি লেগেছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

[সর্বশেষ: আহত হারুনকে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বুকে ও ফুসফুসের কাছাকাছি সাতটি গুলির স্প্লিন্টার লেগেছে।]
সাঈদ পান্থ :: পুলিশের ছোড়া গুলিতে হারুন নামে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী আহসান হাবিব কামালের এক সমর্থক আহত হয়েছেন। ১২ জুন বুধবার রাত ৮টায় নগরীর বৈদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা পরবর্তী এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা মেয়রপ্রার্থী কামালকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ তুলেছেন পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি, তারা আসামী ছিনতাই ঠেকাতে গুলি ছুড়েছে। এদিকে আহত কর্মী হারুনকে বরিশাল শেরে-বাংলা-মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রাত পৌনে আটটার দিকে নগরীর বৈদ্যপাড়া এলাকায় প্রচারপত্র বিতরণ করছিলেন মেয়রপ্রার্থী কামালের ছয় নারী কর্মী। এসময় নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রচারপত্র বিতরণের অভিযোগে তুলে আ’লীগ সমর্থিত মেয়রপ্রার্থী হিরনের কর্মীরা ঐ ছয় নারীকে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে ভ্যানে তোলার সময় কামালের কর্মী-সমর্থকরা সেখানে জটলা করে আটককৃতদের ছেড়ে দেয়ার দাবি জানান। এসময় বৈদ্যপাড়া এলাকায় অপরপ্রান্তে মেয়রপ্রার্থী কামাল তার ‘আনারস’ মার্কার সমর্থনে প্রচার চালাচ্ছিলেন। নারী কর্মীদের আটকের কথা শুনে তিনিও সেখানে উপস্থিত হন এবং পুলিশকে তাদের ছেড়ে দিতে অনুরোধ করেন। একপর্যায়ে কামালের কর্মী-সমর্থকরা আটক ছয় নারী কর্মীকে পুলিশ ভ্যান থেকে টেনে নামানোর চেষ্টা করলে পুলিশ গুলিবর্ষণ করলে হারুন আহত হন। তাকে আহত অবস্থায় বরিশাল শেরে-বাংলা-মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

বরিশাল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন আমাদের বরিশাল ডটকমকে বলেন, আহসান হাবিব কামালকে লক্ষ্য করেই গুলি চালিয়েছে পুলিশ। সরকার তাদের সমর্থিত প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে বিরোধীদের উপর পুলিশ লেলিয়ে দিয়েছে। তবে পুলিশ গুলি করার সময় কর্মী-সমর্থকরা মেয়রপ্রার্থীকে ঘিরে ধরায় তার গায়ে কোন গুলি লাগেনি বলে দাবি করেন তিনি।

বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি সাংসদ এ্যাড. মজিবর রহমান সরোয়ার জানান, প্রার্থীর ওপর পুলিশের গুলির এ ঘটনাই প্রমান করে পুলিশ এবং প্রশাসন সরকার সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছে। পুলিশ ও প্রশাসনে পরিবর্তন না আনলে এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করলে এ সক্রান্ত সকল ঘটনার দায় সরকারকেই বহন করতে হবে। তিনি বলেন, আমাদের প্রচার-প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নেতাকর্মীদের বাসায় অভিযান চালিয়ে হয়রানি করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এ জন্য আমরা রিটার্নিং অফিসারকে বারবার অবহিত করেছি। কিন্তু তিনি তাতে কর্ণপাত করেছেন না। আমরা সব অন্যায় অবিচারের ভার নগরবাসীর উপর দিলাম। আগামী ১৫ জুন তারা ভোটের মাধ্যমে এর জবাব দেবে।

এদিকে মেয়রপ্রার্থীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ অস্বীকার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এটিএম মুজাহিদুল ইসলাম জানান, মেয়রপ্রার্থীকে লক্ষ্য করে পুলিশ কোন গুলি ছুড়েনি। আটককৃত আসামীদের ছিনতাই ঠেকাতে বাধ্য হয়ে গুলি চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।