" />
AmaderBarisal.com Logo

অবহেলিত ও অরক্ষিত বরিশাল বিমানবন্দরঃ পুনরায় চালুর ব্যাপারে জনমনে সন্দেহ

আব্দুল্লাহ মামুন
আমাদেরবরিশাল.কম

১৮ May ২০১১ Wednesday ১১:৫৩:৪২ PM

বরিশাল বিমানবন্দর

বরিশাল বিমানবন্দর – ফাইল ফটো

বাবুগঞ্জ :: অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে অবস্থিত বরিশাল বিমান বন্দর। বিমান বন্দরের দু’পাশে উত্তর ও দক্ষিণ দিকে নিরাপত্তা বেষ্টনী দীর্ঘদিন ধরে নেই বললেই চলে। পূর্ব-দক্ষিণে কাঁটা তার দিয়ে তৈরী বেষ্টনীর বিশাল অংশ কে বা কারা কেটে ফেলায় এবং কালক্রমে নষ্ট হয়ে যাওয়ায় যে কেউ অবাধে বিমান বন্দরের অভ্যন্তরে ঢুকতে ও বের হতে পারছে। বর্তমানে পূর্ব ও পশ্চিম দিকে যে বেষ্টনী রয়েছে তা পেড়িয়ে স্থানীয় লোকজন অবাধে বিমান বন্দরের ভিতর রানওয়ের পাশ থেকে প্রতিনিয়ত ঘাস কেটে নিয়ে যাচ্ছে এবং অবাধে লোকজন বিচরণ করছে। ফলে বিমান বন্দরের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানা গেছে।

বরিশাল বিমান বন্দরের উত্তর ও পশ্চিম দিকে ক্ষুদ্রকাঠী ও মানিককাঠী, উত্তর-পূর্ব দিকে খানপুরা গ্রাম। কাঁটা তারের বেড়া ও ইটের তৈরী পাকা দেয়াল তৈরী করে এলাকা দুটো থেকে বিমান বন্দরের টার্মিনাল ভবন এবং অন্যান্য স্থাপনা পৃথক করা হয়েছে। উত্তর দিকের অংশে নিরাপত্তা প্রাচীর হিসাবে রয়েছে ইটের তৈরী দেয়াল কিন্তু এতে রয়েছে আবার পকেট গেট। বিমান বন্দরের উত্তর ও দক্ষিণ দিকে বিশাল অংশ জুড়ে রয়েছে রানওয়ে। টার্মিনাল ভবনের দক্ষিণে নিরাপত্তা বেষ্টনী ঘেসে বিমানের যানবাহন শাখা, কোয়াটার, ফায়ার সার্ভিস সহ প্রয়োজনীয় সকল স্থাপনা অবস্থিত। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিমান বন্দরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অবাধে লোকজন রানওয়েতে প্রবেশ করছে ও ঘাস কেটে নিয়ে যাচ্ছে। বিমানবন্দরের বাউন্ডারীর ভিতরে এবং রানওয়েতে আগাছা ও ঘাস জম্নে জঙ্গলে পরিনত হতে চলছে। দীর্ঘদিন ধরে বন্ধ, চালু আবার বন্ধ এবং সর্বশেষ প্রায় আড়াই বছর ধরে বিমান সার্ভিস বন্ধ থাকায় সাধারন মানুষের প্রবেশের ক্ষেত্রে এখানে কোন বাধা বিঘ্নতা চোখে পড়েনি। আর এ সুযোগে স্থানীয়রা প্রায়ই এখানে গরু, ছাগল পর্যন্ত মাঠে চড়াচ্ছেন বলে দেখা গেছে। উত্তর দিকে পূর্ব ও পশ্চিম দিকের বেষ্টনীর পকেট গেট যা ক্ষুদ্রকাঠী ও মানিককাঠী গ্রামের স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে স্কুল সময়ে যাতায়াতের জন্য খোলা রাখার জন্য অনুমতি থাকলেও তা চব্বিশ ঘন্টা খোলা রাখা হয়। যা দ্বারা বিমান বন্দরের মধ্যে প্রবেশ করছেন সর্ব ধরনের লোকজন। এ উত্তর দিকে অংশ দিয়ে আবার লোকজন পায়ে হেটে কখনও কখনও সাইকেল, মটরসাইকেলও অবাধে বিমান বন্দরের ভিতর দিয়ে প্রবেশ করছে। অথচ দু’দিকের নিরাপত্তা বেষ্টনীর ও পকেট গেট সংল্গন স্থানে নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করে থাকে। তারা লোকজন চলাচলে বাধা দেয়না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসীন্দা সুলতান আহমেদ, ব্যবসায়িক দেলওয়ার হোসেন ও আবদুল্লাহ মামুন জানান, ক্ষুদ্রকাঠী ও মানিককাঠী এলাকার আমরা স্থায়ী বাসিন্দা। আমাদের ছেলে-মেয়েদের স্কুলে যেতে ও আমাদের এ প্রান্ত থেকে পূর্ব প্রান্তে খানপুরা সদরে যাতায়াতের সুবিধার্থে পকেট গেটটি খুবই প্রয়োজন। তবে নিরাপত্তা প্রশ্নে তারা জানান, বিমান বন্দর এলাকায় যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি সহ নাশকতা ঘটাতে না পারে সে জন্য নিরাপত্তা কর্মীদের একটু সজাগ থাকলেই চলে।

বিমান বন্দরের নিরাপত্তা প্রশ্নে বিমান বন্দরের ম্যানেজার হানিফ গাজীর সাথে আলাপ কালে তিনি জানান, উত্তর দিকে চলাচলের জন্য পথটি বিমান বন্দরের জন্য ঝুকিপূর্ণ নয়। মাঝে মাঝে তারের বেষ্টনীকে মেরামত করা হয় কিন্তু স্থানীয়রা নষ্ট করে ফেলে। তবে অতি দ্রুত চারদিকের অসম্পূর্ণ দেয়াল নির্মাণ করা হচ্ছে।

বিমান বন্দরের ভবিষ্যৎ নিয়ে স্থানীয় বাসীন্দারা আরো জানান, বর্তমানে এ বিমান বন্দরটি যা অবস্থা তাতে মনে হয় ভবিষ্যতে আর কোনদিন বিমান বন্দরে বিমান চলাচল করবে না। কিন্তু বাবুগঞ্জ তথা বরিশালবাসী এমনকি দক্ষিণ অঞ্চলের সুবিধা বঞ্চিত গণমানুষের প্রাণের দাবী আবার এখানে জাতীয় পতাকাবাহী বিমান চালু হোক এবং এটিকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হোক।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।