" />
AmaderBarisal.com Logo

বরিশালের সেই উইজার্ড ভ্যালী’র ১ম নাটক “ফ্লাই-ওভার” প্রচার হবে আজ


আমাদেরবরিশাল.কম

২০ May ২০১১ Friday ৩:৩৮:৪৬ PM

উইজার্ড ভ্যালী'র ১ম নাটক 'ফ্লাই-ওভার'ঢাকা, ২০ মে (আমাদের বরিশাল ডটকম ডেস্ক): আজ শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটে বেসরকারি চ্যানেল দেশ টিভিতে প্রচারিত হবে এক খণ্ডের নাটক “ফ্লাই-ওভার”। এটি বরিশালে জন্ম নেয়া নির্মাণ ও প্রযোজনাকারী প্রতিষ্ঠান থিম থিয়েটার ‘উইজার্ড ভ্যালী’র প্রথম বাণিজ্যিক কাজ। এটি পরিচালনা করেছেন ওই প্রতিষ্ঠানেরই কর্ণধার রাসেল আহমেদ।

এই নাটকে পর্দার সামনে ও পিছনে যারা কাজ করেছেন; তারা অধিকাংশই বরিশাল অঞ্চলের বলে জানা গেছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জেনি, ঈয়ন (শরীফ খিয়াম), ঈশিতা, মাসুদ আলী খান, তারেক মাহমুদসহ আরও অনেকে। এছাড়া এ নাটকের গানে কণ্ঠ দিয়েছেন ‘বরিশালের রক-ষ্টার’ খ্যাত সম্রাট।

৪০ মিনিটের এই নাটকটিকে এক খণ্ড বা পর্বের নাটক বলা হলেও এটি আসলে দুটি অংশে বিভক্ত। এর প্রথমাংশের গল্পটির নাম ‘এপয়েন্টমেন্ট লেটার’। এই অংশটুকু অভিনয়ে অংশ নেয়া ঈয়নের লেখা। আর শেষাংশের গল্পটির নাম ‘প্রমোশন’। ওইটুকু পরিচালক নিজেই রচনা করেছেন। দুটি গল্পই আবার একটি নির্দিষ্ট সময়ে এক বিন্দুতে মিলিত হয়েছে।

এ ব্যাপারে পরিচালক রাসেল আহমেদ আমাদের বরিশাল’কে বলেন- “ডাঙার মানুষ উড়তে ভালবাসে খুব। বিভিন্ন সুযোগে উড়েও ফেলে। কিন্তু ডাঙায় তাকে ফিরতেই হয়। ‘এপয়েন্টমেন্ট লেটার’ এবং ‘প্রমোশন’ এই দুইটি ভিন্ন গল্পের একটাই বিষয়- চাকরী। ওই দুই ভিন্ন কাহিনীর দুই অন্তর্দগ্ধ মুখ্য ব্যক্তিত্বের কাকতালীয় যোগ ঘটে গভীর রাতের ‘ফ্লাইওভার’-এ। যার নিচ দিয়ে বয়ে যাওয়া রেললাইন এর সমান্তরাল দুই পাতের ওপর ছুটে চলে সময় ট্রেন, ভিন্ন ভিন্ন সব গন্তব্যে।” তিনি আরো বলেন, “একটা নাট্যরূপে দুটি ভিন্ন গল্পের আগমন, আসলে অসংখ্য গল্পের দুটি রূপ মাত্রা মাত্র। আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন মনে হলেও কোথায় যেন একটা অন্তমিল এদের অভিন্ন করে তুলেছে। অভিন্ন করে তুলেছে আমাদের সামাজিক চালচিত্রের প্রতিরূপকে।”

প্রসঙ্গত, বরিশাল নগরীর বিএম কলেজ ক্যাম্পাস ও কলেজ রোড কেন্দ্রীক সৃজনশীল আড্ডা থেকে ২০০৫ সালে এই থিম থিয়েটার ‘উইজার্ড ভ্যালী’র যাত্রা শুরম্ন হয়। এরপর বিভিন্ন সময়ে তারা স্থানীয় প্রযুক্তিতে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ও নাটিকা তৈরী করেছে। এছাড়া উইজার্ডদের উদ্যোগে দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় চলচ্চিত্র প্রদর্শণীও অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে রাজধানী কেন্দ্রীক কাজ শুরু করে তারা। এরই ধারাবাহিকতায় এই “ফ্লাই-ওভার”-এর সৃষ্টি।

“ফ্লাই-ওভার”-এর থিম সং:


(আমাদের বরিশাল ডটকম/ঢাকা/এসকে/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।