" />
AmaderBarisal.com Logo

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে খসড়া আইন

ডেস্ক রিপোর্ট
আমাদেরবরিশাল.কম

৬ June ২০১৪ Friday ১০:০০:২৮ PM

barisal-photo-aerial-view-picture-bels-park-bangabandhu-uddayan বরিশাল নগরী বেলস পার্ক বঙ্গবন্ধু উদ্যান এ্যরিয়েল ভিউ ছবি

বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে নতুন করে ‘উন্নয়ন কর্তৃপক্ষ’ করতে যাচ্ছে সরকার। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় থেকে মতামতের আলোকে যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত তিনটি উন্নয়ন কর্তৃপক্ষের খসড়া আইনও প্রণয়ন করা হয়েছে। এ তিনটি উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন পেলে মোট সাতটি স্ব-শাসিত উন্নয়ন কর্তৃপক্ষ হবে।

৮ জুন রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই স্ব-শাসিত সংস্থা গঠনের বিষয়ে নীতিগত অনুমোদন হতে পারে।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপনের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সার-সংক্ষেপে বলা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী সিলেট, বরিশাল এবং নবগঠিত রংপুর বিভাগ ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছে।

Rules of business, 1996 এর Rule-12 অনুসারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন সম্পর্কিত আইনের খসড়া তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয় থেকে মতামত গ্রহণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় থেকে মতামতের আলোকে টেকনিক্যাল কমিটি কর্তৃক যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত তিনটি উন্নয়ন কর্তৃপক্ষের খসড়া আইন প্রণয়ন করা হয়েছে।

পুরনো এই তিনটি জেলা বিভাগে উন্নীত হওয়ার ফলে যেসব অঞ্চলে ক্রমবর্ধমান হারে নগরায়ন সৃষ্টি হচ্ছে। এসব বিভাগীয় শহরের আওতাধীন অনেক স্থানই আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট গড়ে তোলার অনুকূল অবস্থা বিদ্যমান রয়েছে। এ প্রেক্ষাপটে ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সংরক্ষণ এবং পরিকল্পিতভাবে উন্নয়নের পদক্ষেপ নেয়া জরুরি।

সম্প্রতি সিলেট, বরিশাল ও রংপুর জেলা শহরে এবং সংলগ্ন এলাকায় ব্যাপক এবং অপরিকল্পিত উন্নয়ন নানাবিধ সমস্যা সৃষ্টি করছে। পরিবেশ-সংকটপূর্ণ এলাকায় (Ecological Critical Area ) আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প বাস্তবায়ন, অপরিকল্পিতভাবে হোটেল, আবাসিক হোটেল, মোটেল, স্টুডিও, অ্যাপার্টমেন্ট নির্মাণ, বহুতল ভবন নির্মাণ ইত্যাদি এ সমস্যার মূল কারণ দেখা দিয়েছে।

স্থানীয় সিটি কর্পোরেশনের ও পৌরসভা বেসরকারি পর্যায়ে নির্মিত ভবনের নকশা অনুমোদনসহ অন্যান্য ছাড়পত্র প্রদান করছে। অর্থ বহুতলবিশিষ্ট ইমারত বা নগরীর সৌন্দর্য রক্ষা করে বিকাশের কোনো ধারণা বা কারিগরি অভিজ্ঞতা সম্পূর্ণ জনবল এ সকল সিটি কর্পোরেশন বা পৌরসভার নেই। জাতীয় স্বার্থে সিলেট, বরিশাল ও রংপুর এলাকার ভবিষ্যৎ উন্নয়নকে যুক্তিসঙ্গতভাবে পরিচালনা করার প্রয়োজন।

এ লক্ষ্যে এ তিন বিভাগে উন্নয়ন নিয়ন্ত্রণ ও পরিকল্পিত উন্নয়নের জন্য উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা প্রয়োজন।

সার-সংক্ষেপে আরো বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা রাজশাহী মহানগরী মতো গঠিত উন্নয়ন কর্তৃপক্ষের অনুরূপভাবে সিলেট, রংপুর ও বরিশালকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে উন্নয়ন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ এবং ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠন করা অপরিহার্য।
সূত্র : নতুন বার্তা



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।