" />
AmaderBarisal.com Logo

রেল নেটওয়ার্কের আওতায় আসছে বরিশাল

ডেস্ক রিপোর্ট
আমাদেরবরিশাল.কম

৩০ April ২০১৫ Thursday ১০:৫৮:৪৪ PM

bangladesh-railway-rail-way-rail-barisal-planning বাংলাদেশ রেলওয়ে রেল নেটওয়ার্কের আওতায় আসছে বরিশাল

ফাইল ছবি

অবশেষে রেল নেটওয়ার্কের আওতায় আসছে বরিশাল। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত এবং বরিশাল থেকে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শিগগিরই শুরু হচ্ছে। সব কিছু ঠিক থাকলে সম্ভাব্যতা যাচাই শেষে আগামী পাঁচ বছরের মধ্যে রেলপথ স্থাপনের কাজ সম্পন্ন হবে। এর মাধ্যমে পূরণ হতে যাচ্ছে বরিশালবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা।

২৬ এপ্রিল রোববার বিকেলে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের জন্য ডিজাইনসহ প্রস্তাবিত এ রুটে রেললাইন নির্মাণের উদ্দেশে সম্ভাব্যতা যাচাই করার জন্য বাংলাদেশ রেলওয়ে ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে সম্ভাব্যতা যাচাই করে রেলপথের নকশা প্রণয়ন করার মেয়াদ ধরা হয়েছে এক বছর। বাকি চার বছরে চায়না কোম্পানি রেলপথ স্থাপনসহ যোগাযোগের সব প্রক্রিয়া সম্পন্ন করবেন।

রেলওয়ে সূত্র জানায়, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত এ লাইনটি প্রায় ১০০ কিলোমিটার। প্রধানমন্ত্রীর ঘোষিত রেলওয়ের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে এটি একটি। রেলওয়ের মহাপরিকল্পনাতেও এ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিক অর্থায়নের ভিত্তিতে চায়নার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি এ কাজ সম্পন্ন করবে। এ সমঝোতা স্মারক ১২ মাস পর্যন্ত কার্যকর থাকবে।

বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম নৌ ও সড়কপথ। অবহেলিত বরিশালবাসীর ট্রেনে যাতায়াতের সুবিধা নেই। অথচ একসময় এখানে রেলপথ স্থাপনের জন্য জমিও অধিগ্রহণ করা হয়। কিন্তু রেলওয়ে বাস্তবায়নের ফাইলটি দীর্ঘ চার দশক ধরে ঘুরপাক খেয়েছে দপ্তরে দপ্তরে।

ফরিদুপরের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণ করা হলে পায়রা সমুদ্রবন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা রেল যোগাযোগের আওতায় আসবে। ধীরে ধীরে তা বরিশালের সব জেলায় বিস্তৃতি লাভ করবে। আর রেল যোগাযোগ স্থাপিত হলে বরিশালবাসীর আর্থিক ব্যয় অনেক কমে আসবে। রাজধানীতে গিয়ে তাদের আর অবস্থান করতে হবে না। স্বল্প টাকায় স্বল্প সময়ের মধ্যে বরিশাল থেকে ঢাকায় গিয়ে কাজ সম্পাদন করে আবার বরিশাল ফিরে আসবে। তাতে করে ঢাকার ওপর থেকে মানুষের চাপ কমবে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি জানান, আওয়ামী লীগের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। বরিশাল থেকে বাংলাদেশ বিমান চলাচল করছে।

তিনি জানান, বরিশালবাসী রেলে যাতায়াত করবে এ লক্ষ্যে কাজ করেছিলেন আবদুর রব সেরনিয়াবাত। কিন্তু তিনি তা সম্পূর্ণ করে যেতে পারেননি। প্রধানমন্ত্রীর নির্দেশে বরিশাল থেকে রেলপথ নির্মাণের প্রথম পর্যায়ের কাজও শুরু হয়েছে।

বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব ডা. মিজানুর রহমান জানান, বরিশাল রেলপথ নির্মাণের খবরে আমরা খুশি। কিন্তু পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সঙ্গে এ কাজ সম্পন্নের দাবি জানান।

বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, এক বছরের মধ্যে প্লানিংয়ের কাজ সম্পন্ন হবে। এরপর আগামী চার বছরের মধ্যে রেললাইন নির্মাণ শেষ করে রেল চলাচল বাস্তবায়ন করা হবে। এর সবকিছু নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির ওপর।



সম্পাদনা: বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।