" />
AmaderBarisal.com Logo

ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে দলীয় নেতা-কর্মীদের হাতে সংসদ সদস্য মনি লাঞ্ছিত!


আমাদেরবরিশাল.কম

৩ January ২০১১ Monday ৪:৪৬:৫০ PM

পুলিশের উপস্তিতিতে সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির ওপর হামলা

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি নিজ দলের নেতা-কর্মীদের হাতেই লাঞ্ছিত হয়েছেন। তাঁর গাড়িতেও হামলা চালায় নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি ও তাঁর বড় ছেলে ড. রিয়াজুল ইসলাম গতকাল সকাল ১০টার দিকে পাউবোর নির্বাহী প্রকৌশলীর কক্ষে আসেন। তিনি সেখানে উজিরপুরের এক কোটি ৪১ লাখ টাকার ধামুরা রক্ষাবাঁধ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নকাজের খোঁজ নেন। এ সময় মনি ধামুরা রক্ষাবাঁধের দরপত্র মূল্যায়ন শেষ করে দ্রুত কার্যাদেশ দেওয়ার তাগিদ দেন। একই সঙ্গে তিনি দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম বিল্ডার্সকে কার্যাদেশ দিতে নির্বাহী প্রকৌশলীকে তাগিদ দেন। এ সময় জেলা যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার আবুয়াল হোসেন অরুণ এবং বরিশাল সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেজবাহ-উল-ইসলাম দিপুসহ দলীয় ৮-১০ নেতা-কর্মী ওই কক্ষে ঢুকে পড়েন। একপর্যায়ে তাঁরা সংসদ সদস্যকে থামিয়ে দিয়ে ধামুরা রক্ষাবাঁধ প্রকল্পের ঠিকাদারি কাজের ব্যাপারে সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরনের সঙ্গে আলোচনা করার চেষ্টা চালান। এ নিয়ে সংসদ সদস্য মনি ও অরুণের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ ঘটনার পর অরুণসহ উপস্থিত যুবলীগের নেতারা প্রকৌশলীর কক্ষ থেকে বের হয়ে আসেন। এর পর ওই কক্ষে আবার সংসদ সদস্য ও নির্বাহী প্রকৌশলীর সঙ্গে ধামুরা রক্ষাবাঁধের ঠিকাদারি নিয়ে আলোচনা হয়। এর একপর্যায়ে মনির ছেলে রিয়াজুল ইসলামের সঙ্গে নির্বাহী প্রকৌশলীর কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর অরুণ ও দিপুর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল প্রকৌশলীর কক্ষে ঢুকে রিয়াজুলকে লাঞ্ছিত করে। এ সময় সংসদ সদস্য নিজেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তা চেয়ে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা আরো জানায়, পুলিশের নিরাপত্তার মধ্যে সংসদ সদস্য ও তাঁর ছেলে যখন পাউবোর নির্বাহী প্রকৌশলীর কক্ষ থেকে নিচে নামছিলেন তখন নেতা-কর্মীরা তাঁদের দুজনকেই একাধিকবার ধাক্কা দেয়। পরে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে সংসদ সদস্যের গাড়ি যাওয়ার সময় দিপুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা হামলা চালায়। পুলিশের উপকমিশনার ভানু লাল দাসের উপস্থিতিতেই তারা সংসদ সদস্যের গাড়িতে লাথি মারে। তারা সংসদ সদস্যকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগাল দেয়।

মীর্জা আবুয়াল হোসেন অরুণ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পাউবোর ঠিকাদারি কাজ এম বিল্ডার্সকে দেওয়ার জন্য প্রভাব বিস্তার করতে সংসদ সদস্য মনি ও তাঁর ছেলে নির্বাহী প্রকৌশলীকে চাপ দেন। এ সময় তাঁরা সংসদ সদস্যকে শান্ত হতে বললে তিনি তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন। একপর্যায়ে সংসদ সদস্যের ছেলে নির্বাহী প্রকৌশলীর ওপর চড়াও হন। এম বিল্ডার্সের নামে সংসদ সদস্যের ছেলে দরপত্র দাখিল করেছেন বলে অভিযোগ রয়েছে।



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।