Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ১:৩০ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি
২৯ June ২০২৬ Monday ৭:৫২:০৮ PM
Print this E-mail this

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫৬ ফুট দৈর্ঘ্যের বিশালাকৃতির একটি মৃত ‘বেলিন’ তিমি ভেসে এসেছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে সৈকতের কাউয়ার চর বসুধা আইল্যান্ড সংলগ্ন এলাকা থেকে তিমিটি উদ্ধার করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা। দৈত্যাকৃতির এই মৃত তিমিটিকে একনজর দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপরার আহ্বায়ক কেএম বাচ্চু সময় সংবাদকে বলেন, ‘সকালে সৈকতের তীরে পর্যটকদের সেবা দেওয়া স্থানীয় ট্যুর গাইড সদস্য তরিকুল ইসলাম প্রথম মৃত তিমিটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরবর্তীতে আমরা বন বিভাগকে বিষয়টি অবহিত করি। মৃত তিমিটির দৈর্ঘ্য ৫৬ ফুট এবং প্রস্থ ১৬ ফুট। তিমিটির শরীরে পচন ধরায় ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে গভীর সমুদ্রে এটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।’


উপকূল ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, তিমিটি দেখতে অনেকটা দৈত্যাকৃতির। কুয়াকাটা উপকূলে বারবার সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, এর আগে ২০১৮ ও ২০২২ সালে একটি করে এবং চলতি মাসের ৩রা জুনও একটি তিমি সৈকতে ভেসে এসেছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও এমন মৃত তিমি, ডলফিন ও কচ্ছপ ভেসে আসার অন্তরালের রহস্য উন্মোচনের দাবি জানান তিনি।


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ও মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বিভাগের অধ্যাপক রাজীব সরকার বলেন, তিমিটির বাহ্যিক বৈশিষ্ট্য দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি ‘বেলিন তিমি’ প্রজাতির সদস্য। এরা মূলত সমুদ্রের ক্ষুদ্র প্ল্যাঙ্কটন ও অন্যান্য অণুজীব ছেঁকে খাদ্য হিসেবে গ্রহণ করে। সমুদ্রের পরিবেশগত বিপর্যয়, অসুস্থতা, খাদ্যের অভাব, বড় কোনো জাহাজের সঙ্গে সংঘর্ষ অথবা সমুদ্রের তীব্র স্রোতের কারণে এমন স্তন্যপায়ী প্রাণী উপকূলে ভেসে আসতে পারে।

অধ্যাপক রাজীব আরও যোগ করেন, তিমিটির মৃত্যুর সঠিক কারণ জানতে বিস্তারিত বৈজ্ঞানিক পরীক্ষা ও নমুনা সংগ্রহ জরুরি। এটি বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ গবেষণার জন্য তিমিটির কঙ্কাল সংরক্ষণ করা যেতে পারে।


যেহেতু তিমিটি পচা-গলা এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই পর্যটক ও স্থানীয়দের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন।


কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ইউএনও) ইয়াসীন সাদেক জানান, পরিবেশ রক্ষায় উপরা সংগঠনটি সবসময় কাজ করে। তিমিটি পচে যাওয়ায় পরিবেশ দূষণ রোধে বন বিভাগ এবং পৌরসভার সহযোগিতায় সেটিকে দ্রুত সৈকতের বালুচরে মাটি চাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক এবং বাসিন্দাদের কোনো ধরনের ভোগান্তি বা দুর্গন্ধ পোহাতে না হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com