১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন হাই স্কুলের ১২ মাসের ৩২ হাজার ৭২৯ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির স্বরূপকাঠি জোনাল অফিস। এতে বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ পাশের একটি সাইড লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, ১৯০৯ সালে মরহুম হেলাল উদ্দিন আহম্মেদ প্রতিষ্ঠিত শতবর্ষী এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে বিদ্যালয়ের তহবিলে প্রায় ১৬ লাখ টাকা নগদ অর্থ থাকার পরও মাত্র ৩২ হাজার ৭২৯ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন হওয়াকে তারা দায়িত্বে অবহেলার উদাহরণ হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। একাধিক শিক্ষার্থী জানায়, প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় তারা লেখাপড়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হোসেন প্রথমে লাইন কেটে দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করে বলেন, আমাদের স্কুলের ফান্ডে প্রায় ১৬ লাখ টাকা রয়েছে। তবে বিভিন্ন জটিলতার কারণে সেই টাকা উত্তোলন করতে পারিনি। পল্লী বিদ্যুৎ অফিসের কাছে চলতি মাসের ৫ তারিখ পর্যন্ত সময় চেয়েছিলাম। তারা এত দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করবে, তা ভাবিনি। অবৈধভাবে পাশের লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
সুটিয়াকাটি ইউনিয়ন হাই স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সদস্য হাজী মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বিদ্যালয়ের তহবিলে ১৬ লাখ টাকা থাকা সত্ত্বেও এক বছরের বিদ্যুৎ বিল বকেয়া রাখা কেন হয়েছে, তা বোধগম্য নয়। বিষয়টি পরবর্তী ম্যানেজিং কমিটির সভায় আলোচনা করা হবে। বিদ্যুৎ বিল বকেয়া রাখা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির স্বরূপকাঠি জোনাল অফিসের ডিজিএম মো. জানে আলম বলেন, পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী এক থেকে দুই মাসের বেশি বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা রয়েছে। সুটিয়াকাঠী ইউনিয়ন হাই স্কুলের ১২ মাসের মোট ৩২ হাজার ৭২৯ টাকা বকেয়া ছিল। একাধিকবার মৌখিক ও লিখিতভাবে জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, অবৈধ সংযোগের কোনো সুযোগ নেই। যদি এমন কোনো সংযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান