পটুয়াখালীর দশমিনায় মো. বাবলু সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে গাঁজার গাছসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১০ আগস্ট) ভোররাত ৪টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের উত্তর রণগোপালদী গ্রামের সরদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবলু সরদার রণগোপালদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রণগোপালদী গ্রামের সরদার বাড়ির মৃত মো. আফসের সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবলু সরদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন হাওলাদার ও নাজমুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাকে বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে থেকে প্রায় সাড়ে তিন ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করে পুলিশ। পরে গাছটি তাকে গ্রেপ্তারের সঙ্গে থানা নিয়ে আসা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবলু সরদারকে তাঁর বসতঘর থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের সামনে চাষ করা একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী