![]() মহানগরীতে গণজমায়েতে নিষেধাজ্ঞা, বরিশাল পুলিশের গণবিজ্ঞপ্তি জারি
১৪ October ২০২৪ Monday ৭:৫৪:৩৪ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() বরিশাল মহানগরীর আওতাভুক্ত এলাকাসমূহে অনুমতি ব্যতিত কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই আদেশ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণ করবে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বরিশাল পুলিশ (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বসাধারণের অবগতির জন্য জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি রাজধানী ঢাকায় কোর কমিটির সভা হয়েছে, সেই সভার সিদ্ধান্তের আলোকে বরিশাল মহানগরীর আওতাভুক্ত এলাকাসমূহে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, এখন থেকে বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যে কোনো গণজমায়েত ও মাইক ব্যবহার করতে হলে আগে পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করে অনুমতি নিতে হবে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আন্দোলন, সভা-সমাবেশ এবং মানববন্ধন করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। এর অধিকাংশ কর্মসূচিই পালিত হয়, শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক আটকে, এতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়, সাধারণ মানুষ-পথচারীদের। অবশ্য এই কারণে গণবিজ্ঞপ্তি জারি করা হলো কী না তা খোলসা করেনি বরিশাল পুলিশ।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

