![]() গৌরনদীতে অপ্রশস্ত মহাসড়কে ৩ মাসে ২৭ দুর্ঘটনা
২৯ March ২০২৫ Saturday ১১:৩২:৪৬ AM
গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি: ![]() ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে গত তিন মাসে অন্তত ২৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৫৪ জন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত সময়ে এসব সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন। অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে চার লেনের কাজ অতিদ্রুত বাস্তবায়নের দাবিতে এরইমধ্যে দুর্ঘটনায় নিহতদের স্বজনসহ আহতদের পাশাপাশি দুই উপজেলার সচেতন লোকেরা মানববন্ধন করেছেন। যুবদল নেতা তরিকুল ইসলাম কাফির উদ্যোগে এই মানববন্ধন হয়। কথা হলে নিরাপদ সড়কের উপজেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির জানান, ব্যস্ততম এই মহাসড়কে গাড়ির সংখ্যা বাড়লেও সে তুলনায় সড়ক প্রশস্ত করা হয়নি। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে কেউবা নিহত আবার অনেকেই আহত হয়ে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবন পার করছেন। তিনি আরও বলেন, মহাসড়কের গৌরনদী অংশ দুর্ঘটনাপ্রবণ এলাকা হয়ে উঠছে। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা উপজেলা হাসপাতালে নেই। অনেক সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান। আমরা মহাসড়কটিকে অতিদ্রুত চার লেনে রূপান্তরসহ উপজেলা হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছি। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, অপ্রশস্ত সড়কে চালকদের বিবেকহীন প্রতিযোগিতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিধি লঙ্ঘন করে ওভারটেকিং, যত্রতত্রভাবে মহাসড়কে গাড়ি পার্কিংসহ বিভিন্ন কারণে দুর্ঘটনাগুলো ঘটছে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ঈদযাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

