![]() লালমোহন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ২ মাস ধরে বেতন-ভাতা বন্ধ
৩ December ২০২৫ Wednesday ৬:৩১:৪১ PM
লালমোহন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী দুই মাস ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদ শূন্য থাকায় বেতন উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে কর্মকর্তা-কর্মচারীরা অনিশ্চয়তা ও চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা ১২ জন, দ্বিতীয় শ্রেণির ৩২ জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৮৬ জন। গত অক্টোবর ও নভেম্বর এই দুই মাসের কোনো ধরনের বেতন-ভাতা তারা পাননি। এতে অনেকে সংসার চালাতে ধারদেনার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। কর্মকর্তা-কর্মচারীরা জানান, দুই মাস ধরে নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে মানবিক সঙ্কট তৈরি হয়েছে। দ্রুত ইউএইচএফপিও পদায়ণ করে সমস্যা সমাধানের দাবি জানান তারা। লালমোহনের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহসীন খান জানান, তিনি দায়িত্বে থাকলেও ওডিডিওশিপ (আয়ন-ব্যয়ন ক্ষমতা) না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা তুলতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সমাধান হওয়ার আশ্বাস দেন তিনি। ভোলার জেলা সিভিল সার্জন ডা. মু. মনিরুল ইসলাম বলেন, লালমোহনে ইউএইচএফপিও পদ শূন্য থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, ‘এই সপ্তাহের মধ্যেই সেখানে ইউএইচএফপিও পদায়ণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

