![]() আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ
৩১ January ২০২৬ Saturday ১:৪৪:৪৭ PM
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() নির্বাচন-পূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দশমিনা, পটুয়াখালীতে অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয় থেকে এই নোটিশ জারি করা হয়। নোটিশে স্বাক্ষর করেন কমিটির সদস্য ও সিভিল জজ সাব্বির মো. খালিদ। নোটিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট এনামুল হকের করা অভিযোগের ভিত্তিতে এই শোকজ করা হয়েছে। নুরুল হক নুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫(ক) ও ১৬(গ), (ছ) বিধি লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়। এ ছাড়া অভিযোগে বলা হয়, ২৬ জানুয়ারি রাতে দশমিনা উপজেলার চরবোরহান এলাকার পাগলা বাজার সেন্টারে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের নির্বাচনী অফিসে নুরের অনুসারী কর্মী-সমর্থকেরা ভাঙচুর চালান এবং তাঁর কয়েকজন সমর্থককে আহত করেন। এই ঘটনাকে আচরণ বিধিমালার ৬(ক) বিধির পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। নোটিশে আগামী ৩ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, ‘নোটিশ হাতে পাইনি। আপনার মাধ্যমে শুনলাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নোটিশ পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হব।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

