পটুয়াখালীর দশমিনা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে চাচা গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে এ ঘটনা ঘটে। আহত আলাউদ্দিন সরদার ওই ইউনিয়নের মৃত খালেক সরদারের ছোট ছেলে। তাকে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। স্থানীয় সূত্রে জানা যায়, খালেক সরদার জীবিত অবস্থায় একটি গ্রামীণ টাওয়ার স্থাপনের জন্য জমি দেন। ওই টাওয়ার থেকে প্রাপ্ত অর্থ তিন ভাইয়ের মধ্যে ভাগ হওয়ার কথা থাকলেও গত দুই বছর ধরে বড় দুই ভাই খলিল সরদার ও সহিদ সরদার ওই অর্থ ভোগ করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় আলাউদ্দিন সরদার তার প্রাপ্য অংশ চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সহিদ সরদারের ছেলে রেজাউল ঘটনাস্থলে এসে আলাউদ্দিন সরদারের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী শহিদুল আলম মোল্লা জানান, তার দোকানের সামনে তিন ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক চলছিল। এ সময় রেজাউল এসে হঠাৎ আলাউদ্দিন সরদারের মাথায় আঘাত করেন। আহত আলাউদ্দিন সরদার অভিযোগ করে বলেন, তিনি দিনমজুর হিসেবে কাজ করেন এবং আর্থিকভাবে অসচ্ছল। প্রাপ্য টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয় এবং পরে ভাতিজা মাথায় আঘাত করে। এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।