![]() ভোলায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করায় একজন আটক
২৩ April ২০২৬ Thursday ৮:১৮:৪৫ PM
বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে অকটেন ও পেট্রল বিক্রির অভিযোগে ১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক ও এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাজারের ‘সবুজ স্টোর’ নামের একটি দোকানে এই অভিযান চালানো হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমারের নেতৃত্বে একটি টাস্কফোর্স এই অভিযান চালায়। রণজিৎ কুমার জানান, বোরহানগঞ্জ বাজারে ‘সবুজ স্টোর’ নামের একটি দোকানে অবৈধভাবে পেট্রল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় তাঁর নেতৃত্বে একটি টাস্কফোর্স বাজারে অভিযান চালায়। অভিযানে দোকানটির গুদাম থেকে অবৈধভাবে মজুত রাখা ১০ লিটার পেট্রল জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে এক কর্মচারীকে আটক করা হয়। তবে অভিযানের সময় মূল মালিককে পাওয়া যায়নি। অভিযানের ধারাবাহিকতায় একই বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে অকটেন বিক্রির অপরাধে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত অমূল্য ভূষণ দের ছেলে কিরণ চন্দ্র দেকে (৫০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রণজিৎ কুমার বলেন, এ সময় সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। জব্দ করা জ্বালানি তেল সরকারি নিয়ম অনুযায়ী বিক্রির প্রক্রিয়া চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

