![]() বরিশালে মহাসড়ক থেকে পার্ক অপসারণ শুরু
১৩ May ২০২৬ Wednesday ৮:০৩:৪৯ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশাল নগরীর ব্যস্ততম সিএন্ডবি রোডে নির্মিত বিতর্কিত ‘সাহান আরা বেগম পার্ক’ অপসারণের কাজ শুরু করেছে সিটি করপোরেশন। বুধবার দুপুরে সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এই উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন। কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, চালক ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০২২ সালে পার্কটি নির্মাণের সময় বিশিষ্টজন ও স্থানীয়রা তীব্র আপত্তি জানান। তবুও তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর ২২ নম্বর ওয়ার্ডের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় মহাসড়কের ওপর পার্কটি নির্মাণ করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ) কোনো প্রকার অবহিত না করেই প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়। এটি নির্মাণ করতে গিয়ে মহাসড়কের পাশে থাকা ব্যক্তিমালিকানাধীন ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া তৎকালীন প্রশাসনের খামখেয়ালিতে ড্রেনেজ ব্যবস্থা ও শাখা সড়কগুলোও বন্ধ হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিক্ষুব্ধ জনতা পার্কটিতে দফায় দফায় ভাঙচুর চালায়। সর্বশেষ ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পার্কটিতে হামলা চালানো হয়। পরে ধ্বংসস্তূপটি সরিয়ে ফেলার ব্যাপারে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে একে অন্যকে দায় চাপানোর প্রবণতা লক্ষ্য করা যায়। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী জানিয়েছেন, পার্কটি উচ্ছেদ করে মহাসড়কের যানবাহন চলাচল নিরাপদ করা হবে। পরবর্তী সময়ে ওই স্থানে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ নগরীর সৌন্দর্যবর্ধনে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

