Current Bangladesh Time
Wednesday May ২০, ২০২৬ ৮:৩৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
২০ May ২০২৬ Wednesday ১১:১৭:২৯ AM
Print this E-mail this

শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ


নগর প্রতিনিধি:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই যুবককে মারধর করে কয়েক ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ঘটলে সেখানে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার এলাকার বাসিন্দা উজ্জ্বল দের সাত দিনের কন্যাশিশু অসুস্থ হয়ে পড়লে ১৫ মে তাকে শেবাচিম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যার পর শিশুটির মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর পর পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী এসে জয় দেব নামে মৃত শিশুর এক স্বজনকে মারধর করেন। ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে মামুন নামে আরও এক যুবক মারধরের শিকার হন। পরে তাঁদের হাসপাতালের নিচতলার জরুরি বিভাগের একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নবজাতকের মৃত্যুর পর ক্ষুব্ধ পরিবারের সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটির জেরে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী দুই যুবকের ওপর চড়াও হন। পরে তাঁদের মারধর করে প্রায় সাত ঘণ্টা আটকে রাখা হয়।

নবজাতকের বাবা উজ্জ্বল দে বলেন, ‘সন্ধ্যার পর শিশুটির শ্বাসকষ্ট বেড়ে গেলে আমরা চিকিৎসকদের কাছে যাই। তখন ইন্টার্ন চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। আমার এক স্বজন আবেগাপ্লুত হয়ে পড়লে তাকে ও আরেকজনকে মারধর করা হয়।’

শিশুটির মা পূজা রানী দাস বলেন, ‘আমার সন্তানের মৃত্যুর পর হয়তো আমার মামা কিছু কথা বলেছেন, কিন্তু তিনি কারও গায়ে হাত দেননি। তারপরও তাঁকে মারধর করে নিচে নিয়ে যাওয়া হয়েছে।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ইন্টার্ন শিক্ষার্থী মুনয়াত মুন বলেন, ‘নবজাতক ওয়ার্ডের পাশের ক্লাসরুম থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি আমাদের সহপাঠীদের হাত, ওড়না ও ব্যাগ ধরে টান দেন এবং অশোভন আচরণ করেন। আত্মরক্ষার্থে আমরা একটি কক্ষে আশ্রয় নিই।’

আরেক ইন্টার্ন শিক্ষার্থী শান্ত তালুকদার বলেন, ‘মৃত শিশুর স্বজনেরা নারী শিক্ষার্থীদের অ্যাপ্রোন ও ব্যাগ টানাটানি করেন এবং দায়িত্বরত নার্সদেরও হেনস্তা করেন।’

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, ‘উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা নিরাপদে ক্যাম্পাসে চলাফেরা করতে পারুক, একই সঙ্গে রোগীরাও যথাযথ চিকিৎসা পাক।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার অলক কান্তি শর্মা বলেন, ‘শিক্ষার্থী ও রোগীর স্বজনদের মধ্যে কথা-কাটাকাটির জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com