পটুয়াখালীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে যুবক নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ
আমাদেরবরিশাল.কম
২৩ May ২০২৬ Saturday ৫:৫৭:৩৬ PM
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পর এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ যুবকের বাবা। অভিযোগ সূত্রে জানা যায়, পটুয়াখালী পৌর শহরের গোরস্থান রোড এলাকার বাসিন্দা সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে সৈয়দ আতাউল্লাহ (১৯) শনিবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে ৬১ হাজার টাকা নিয়ে পটুয়াখালী সদর রোডস্থ পূবালী ব্যাংকের শাখায় টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। অভিযোগে উল্লেখ করা হয়, দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে সৈয়দ আতাউল্লাহর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বাবার কাছে একটি বার্তা পাঠিয়ে এক লাখ টাকা দাবি করা হয়। পরে ওই নম্বরে কল করলে প্রথমে তার ছেলে টাকা দেওয়ার কথা বলেন। এরপর অজ্ঞাত এক ব্যক্তি ফোন নিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে এবং ছেলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে ফোন কেটে দেয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।