মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত ১
আমাদেরবরিশাল.কম
২৭ May ২০২৬ Wednesday ৩:২৬:১৪ PM
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৭ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সুবিদখালী এলাকার হারুন রাড়ীর বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক তৈয়ব আলী মীরা (৬০) বরগুনা জেলার বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের নাজেম আলী মীরার ছেলে। আহত পিয়ারা বেগম (৫০) মির্জাগঞ্জ উপজেলার চরখালী গ্রামের সত্তার ঘরামীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা থেকে ঢাকাগামী ‘নব দিগন্ত (রাফি) পরিবহন’ নামের একটি দ্রুতগামী বাস একই দিক থেকে এসে ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় চালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক তৈয়ব আলী মীরাকে মৃত ঘোষণা করেন। আহত পিয়ারা বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘাতক বাসচালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।