![]() শিল্পায়নের মাধ্যমে বদলে যাবে বাবুগঞ্জ– এনসিপির প্রার্থী ফরিদ আহম্মেদ
৩১ May ২০২৬ Sunday ৬:১৫:১৪ PM
![]() বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলাকে একটি আধুনিক শিল্পাঞ্চল (ইন্ডাস্ট্রিয়াল জোন) হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও উপজেলা আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ। রবিবার বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের হলরুমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। ফরিদ আহম্মেদ বলেন, বাবুগঞ্জের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। আমাদের লক্ষ্য শুধু শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নয়, বরং স্থানীয় যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। শিল্পায়নের ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও লাভবান হবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। রাজনৈতিক অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েই এনসিপির যাত্রা। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিতামূলক রাজনীতিতে বিশ্বাস করি। দেশের রাজনীতি হতে হবে জনগণের জন্য, জনগণের কল্যাণে। তিনি বলেন, বাবুগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে জনগণের কল্যাণে কাজ করে। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বাবুগঞ্জের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নদীভাঙনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। এ সময় ফরিদ আহম্মেদ এসব সমস্যা সমাধানে জনবান্ধব ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলুর সভাপতিত্বে ও সাবেক সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আবু সাঈদ মুসা। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

