![]() ক্রেতা না পেয়ে রাস্তায় ফেলে রাখা কুরবানির চামড়া উদ্ধার করল প্রশাসন
৩১ May ২০২৬ Sunday ৮:৩৯:২২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() ক্রেতা না পেয়ে বরিশাল-ঢাকা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে ফেলে রাখা এক হাজার ৫৫০টি কুরবানির পশুর চামড়া উদ্ধার করেছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার (৩০ মে) বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন স্থান থেকে এসব চামড়া উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ প্রতিষ্ঠান উন্নয়নের জন্য অর্থ সংগ্রহের আশায় কুরবানির পশুর চামড়া সংগ্রহ করেন। তবে ট্যানারি ব্যবসায়ীদের কাছে চামড়ার দাম কম থাকায় অনেক প্রতিষ্ঠান চামড়াগুলো বিক্রি করতে পারেনি। একপর্যায়ে তারা বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন রাস্তার পাশে চামড়াগুলো ফেলে রেখে যায়। খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোকজন পাঠিয়ে চামড়াগুলো উদ্ধার করেন। পরে সেগুলোতে লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে ইউএনও আসমাউল হুসনা বলেন, চামড়ার ক্রেতা না পেয়ে শিক্ষকরা রাস্তার পাশে চামড়া ফেলে না দিয়ে উপজেলা প্রশাসনকে জানাতে পারতেন। কুরবানির আগে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে লবণ সরবরাহ করা হয়েছে। তিনি আরও বলেন, কুরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এটি সঠিকভাবে সংরক্ষণ করা গেলে পরবর্তীতে বিক্রি করে প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে উপকৃত হতে পারত। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

