বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝি; আহত ৩ জেলে, উদ্ধার অভিযানে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা
আমাদেরবরিশাল.কম
১৩ July ২০২৬ Monday ৮:০৭:৩৯ PM
রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রুবেল হাওলাদার নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের ৩ নম্বর বয়া সংলগ্ন গনিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি ট্রলারটির মালিক ও মাঝি ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল হাওলাদারের মালিকানাধীন ট্রলার নিয়ে চার জেলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে রুবেল হাওলাদার ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজ হন। এ সময় ট্রলারে থাকা বড়বাইশদিয়া ইউনিয়নের গাব্বুনিয়া গ্রামের রুহুল আমিন মৃধার ছেলে শাহাদাত মৃধা, একই গ্রামের বাবু সরদারের ছেলে রাজিব সরদার এবং ১২ নম্বর ডিগ্রি এলাকার শফিক ভূঁইয়ার ছেলে নাসির ভূঁইয়া বজ্রপাতে আহত হন। বজ্রপাতের পর তারা দীর্ঘ সময় ট্রলারে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে আশপাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারের জেলেরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিন জেলেকে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রুবেল হাওলাদারকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ রুবেল হাওলাদারের কোনো সন্ধান পাওয়া যায়নি। বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে একজন জেলে নিখোঁজ হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চলছে। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় খোঁজখবর রাখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডকে উদ্ধার অভিযান শুরু করার জন্য অবহিত করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।