![]() ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
১৪ July ২০২৬ Tuesday ৬:৩৮:১১ PM
অনলাইন নিউজ ডেস্ক: ![]() প্রধানমন্ত্রীর বরিশাল সফরে ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার ঘোষণা আসবে, এমন প্রত্যাশা ছিল দক্ষিণাঞ্চলের মানুষের। তবে এ বিষয়ে কোনো ঘোষণা না আসায় বরিশালসহ দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও সরকারদলীয় নেতারা বলছেন, ঘোষণার চেয়ে প্রকল্পের বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার। সোমবার বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তবে ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার বিষয়ে কোনো ঘোষণা দেননি। সভায় প্রধানমন্ত্রী বলেন, ঘোষণার মাধ্যমে নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। এ বক্তব্যের পরও মহাসড়কটি নিয়ে নির্দিষ্ট ঘোষণা না আসায় স্থানীয়দের একাংশের প্রত্যাশা অপূর্ণ থেকে গেছে। বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতা রয়েছে। ঘোষণা না এলেও বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করা দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের দাবি। এ সফরে ঘোষণা না এলেও সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি আশা করেন। বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মানুষের প্রত্যাশা ছিল মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার ঘোষণা আসবে। ঘোষণা না আসায় কিছুটা হতাশা তৈরি হলেও ভবিষ্যতে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা করেন। সংশ্লিষ্টদের মতে, পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন, কৃষি, শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণের কারণে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি আরও জোরালো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মহাসড়কটি ৬ লেনে উন্নীত হলে যাতায়াতের সময় কমবে, সড়ক নিরাপত্তা বাড়বে এবং কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন, কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে পায়রা সমুদ্রবন্দরসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে। সূত্র: আমার দেশ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

