Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৪:১৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » স্থানীয় নির্বাচন নিয়ে বিরোধ: বিএনপির সংঘর্ষের পর চর ভোলানাথের গ্রাম পুরুষশূন্য
২৭ July ২০২৬ Monday ১:৩৭:৫৭ PM
Print this E-mail this

স্থানীয় নির্বাচন নিয়ে বিরোধ: বিএনপির সংঘর্ষের পর চর ভোলানাথের গ্রাম পুরুষশূন্য


নিজস্ব প্রতিনিধি:

আগামী স্থানীয় নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তার এবং বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ঘরবাড়ি ভাঙচুরের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বরিশালের কালাবদর নদতীরবর্তী মেহেন্দীগঞ্জের প্রত্যন্ত ‘চর ভোলানাথ’ আদর্শ গ্রামে। এই এলাকায় নিরাপত্তা জোরদারের পরও অধিকাংশ পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন।

কালাবদরের ভাঙনে ভিটেমাটিহারা হতদরিদ্রদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের নাম দেওয়া হয়েছে আদর্শ গ্রাম। মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের চর ভোলানাথে রয়েছে দুটি আদর্শ গ্রাম। সেখানে দুই শতাধিক পরিবারের বসবাস। স্থানীয়রা বলছেন, উপজেলা সদর থেকে স্পিডবোটে এই ইউনিয়নে পৌঁছাতে আধা ঘণ্টা লাগে। ফলে যখন যে দলের সরকার ক্ষমতায় থাকে, সেই দলের নেতা-কর্মীরা এই এলাকা নিয়ন্ত্রণ করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আশ্রয়ণ প্রকল্পের নিয়ন্ত্রণ পেতে বিএনপির দুই পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, জাঙ্গালিয়া ইউনিয়নে চর ভোলানাথ আদর্শ গ্রামের বাসিন্দারা বিএনপির দুজন চেয়ারম্যান প্রার্থী এবং দুজন ইউপি সদস্য প্রার্থীর পক্ষে-বিপক্ষে ভাগ হয়ে গেছেন।

আদর্শ গ্রামের বাসিন্দা নুর উদ্দিন বলেন, আদর্শ গ্রামে দুটি পক্ষের একটির নেতৃত্ব দেন ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আইনজীবী রিপন এবং অপরটির নেতৃত্বে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী বয়াতি। দুজনেই ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী হতে চান।

আদর্শ গ্রামের বাসিন্দারা বলছেন, আলী বয়াতি সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আজাদের সমর্থক। আর আলী বয়াতির প্রতিপক্ষ আইনজীবী রিপন সমর্থন করেন অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোন্তাজিক মামুন সোহাগকে।

সর্বশেষ ১৭ জুলাই বিকেল থেকে এই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ৪ জন গুরুতর আহত হন। এর জেরে প্রায় ৫০ বসতঘর লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘরে ভাতের থালাও লুটকারীরা নিয়ে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এক পক্ষ আইনজীবী রিপনকে ইউপি সদস্য প্রার্থী করতে চায়। ১৭ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে রিপনকে ডেকে নিয়ে নির্যাতন করেন আলী বয়াতি। তাঁকে উদ্ধার করতে গেলে আরিফ নামের আরেকজনকে আটকে নির্যাতন করা হয়। রিপনের শরীরের বিভিন্ন স্থানে পেরেক ঠুকে দেওয়া হয়। এই দুজনই বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন।

আরিফ ও রিপনের ওপর হামলার জেরে আলী বয়াতির ছেলেকে কোপানো হয়। একই সময় আলী বয়াতির অনুসারী সালাম বয়াতিকেও মারধর করা হয়। গুরুতর আহত এই দুজন ঢাকায় চিকিৎসাধীন। এই সংঘর্ষের পর সেখানকার বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তবে বিএনপির এক পক্ষের নেতা ছাত্রদলের সাবেক সভাপতি মোন্তাজিক মামুন সোহাগ বলেন, চর ভোলানাথে দাঙ্গা-হাঙ্গামার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন, এমন কথা কাউকে বলেননি।

আর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আজাদ বলেন, দুটি আদর্শ গ্রামের প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় কয়েকজনের বিরোধ থেকে এই হাঙ্গামার ঘটনা ঘটেছে। এখন সেখানে বিএনপির রাজনীতি ও ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গ টেনে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত হচ্ছে।

এদিকে এই সংঘর্ষের পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যে ঘরগুলো ভাঙচুর করা হয়েছে, সেগুলো এখনো ঠিকঠাক করা হয়নি। গত শুক্রবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ সেখানে টহল দিচ্ছে।

জানতে চাইলে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিন উদ্দিন বলেন, ভোলানাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ৫ জন করে পুলিশ পালাক্রমে দায়িত্ব পালন করছে। দুই পক্ষ থেকে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। দুই পক্ষের আসামিরাই এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

১৭ জুলাইয়ের ওই হামলার সময় ভাঙচুর করা হয়েছে আব্দুর রহমানের বাড়ি। তবে ঘটনার পর থেকে তিনি এলাকাছাড়া। মোবাইলে তিনি বলেন, শুক্রবার মারামারি সময় তিনি গ্রামে ছিলেন না। রোববার সকালে রিপনের লোকজন তাঁর বাড়ি লুটপাট করেছে। প্রাণভয়ে তিনি পালিয়ে আছেন।

এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম বলেন, চর ভোলানাথের বিষয়টি জানতে সরেজমিনে উপজেলার শীর্ষ নেতারা সেখানে যাবেন। যত দূর জেনেছেন, প্রভাব বিস্তার নিয়েই এসব ঘটনা ঘটছে। এর সঙ্গে দলের কেউ না কেউ জড়িত থাকতে পারে, তাই ৯ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com