![]() স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবীতে ২ কিমি জুরে মানববন্ধন
১৪ November ২০২৬ Saturday ১১:১১:২৩ PM
![]() বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ ঘরের বারান্দায় বসে নদীর দিকে তাকিয়ে থাকেন কৃষক মোকলেসুর রহমান। চোখের সামনে বয়ে চলা সুগন্ধা নদী যেন তার কাছে এক আতঙ্কের নাম। এই নদীর ভাঙনে পাঁচবার বসতভিটা হারিয়েছেন তিনি। বাপ-দাদার রেখে যাওয়া শেষ সম্বলটুকুও নদীগর্ভে বিলীন হয়েছে। উদ্বিগ্ন কণ্ঠে মোকলেসুর বলেন, এবার ভাঙলে কোথায় যাব? বাপ-দাদার বসতবাড়ি সব হারিয়েছি। নিজেরা একটু জমি কিনে বাড়ি করেছিলাম, সেটিও এখন ভাঙনের মুখে। রাতে ঘুম হয় না। কখন যে সর্বনাশা সুগন্ধা বাড়িঘরটুকু কেড়ে নেয়, সেই আতঙ্কে থাকি। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী গ্রামের বাসিন্দা মোকলেসুর রহমান। ছয় সদস্যের পরিবার নিয়ে এখন তার দিন কাটছে অনিশ্চয়তায়। শুধু মোকলেসুর নন, সুগন্ধার অব্যাহত ভাঙনে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে দিশেহারা আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। নদীভাঙন প্রতিরোধের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসে কান্নায় ভেঙে পড়েন রাহিমা বেগম। তিনি জানান, নদীভাঙনে কয়েক দফায় তার বাড়িঘর বিলীন হয়েছে। সব হারিয়ে এখন পরিবারের সদস্যদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। নিজের একটি নিরাপদ ঠিকানার আকুতি জানিয়ে তিনি দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকায় প্রায় দুই কিলোমিটারজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি আবুল কালাম কলেজ থেকে চরসাবুকাঠি ফাজিল মাদ্রাসা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষ, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে সুগন্ধার ভাঙনে এ অঞ্চলের অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি ও বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। এখনো হুমকির মুখে রয়েছে সরকারি আবুল কালাম কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস, মসজিদ, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন, চরসাবুকাঠি ফাজিল মাদ্রাসা, হেফজখানা ও নুরানি শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এ ছাড়া বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এবং ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়কও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিতে পড়েছে এলাকার আবাদি জমি, ফসল, পুকুর, জলাশয় ও বিদ্যুৎ সংযোগব্যবস্থা। দ্রুত ব্যবস্থা না নিলে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা ও যোগাযোগব্যবস্থা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। মাইনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দিয়েছেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত , ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মো. এরশাদ হোসাইন, চরসাবুকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, হেফজখানার শিক্ষক হাফেজ মনিরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মোল্লাসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

