Home » বরিশাল » বাবুগঞ্জ » স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবীতে ২ কিমি জুরে মানববন্ধন
১৪ November ২০২৬ Saturday ১১:১১:২৩ PM
স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবীতে ২ কিমি জুরে মানববন্ধন
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ ঘরের বারান্দায় বসে নদীর দিকে তাকিয়ে থাকেন কৃষক মোকলেসুর রহমান। চোখের সামনে বয়ে চলা সুগন্ধা নদী যেন তার কাছে এক আতঙ্কের নাম। এই নদীর ভাঙনে পাঁচবার বসতভিটা হারিয়েছেন তিনি। বাপ-দাদার রেখে যাওয়া শেষ সম্বলটুকুও নদীগর্ভে বিলীন হয়েছে। এরপর ১০ বছর আগে নতুন করে জমি কিনে বাড়ি করেছিলেন। কিন্তু সেই বাড়িটিও এখন নদী থেকে মাত্র ১০ ফুট দূরে। যেকোনো সময় সেটিও বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা।
উদ্বিগ্ন কণ্ঠে মোকলেসুর বলেন, এবার ভাঙলে কোথায় যাব? বাপ-দাদার বসতবাড়ি সব হারিয়েছি। নিজেরা একটু জমি কিনে বাড়ি করেছিলাম, সেটিও এখন ভাঙনের মুখে। রাতে ঘুম হয় না। কখন যে সর্বনাশা সুগন্ধা বাড়িঘরটুকু কেড়ে নেয়, সেই আতঙ্কে থাকি।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী গ্রামের বাসিন্দা মোকলেসুর রহমান। ছয় সদস্যের পরিবার নিয়ে এখন তার দিন কাটছে অনিশ্চয়তায়। শুধু মোকলেসুর নন, সুগন্ধার অব্যাহত ভাঙনে ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে দিশেহারা আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ।
নদীভাঙন প্রতিরোধের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসে কান্নায় ভেঙে পড়েন রাহিমা বেগম। তিনি জানান, নদীভাঙনে কয়েক দফায় তার বাড়িঘর বিলীন হয়েছে। সব হারিয়ে এখন পরিবারের সদস্যদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। নিজের একটি নিরাপদ ঠিকানার আকুতি জানিয়ে তিনি দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকায় প্রায় দুই কিলোমিটারজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি আবুল কালাম কলেজ থেকে চরসাবুকাঠি ফাজিল মাদ্রাসা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষ, পেশাজীবী ও শ্রমজীবী মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছরে সুগন্ধার ভাঙনে এ অঞ্চলের অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি ও বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। এখনো হুমকির মুখে রয়েছে সরকারি আবুল কালাম কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস, মসজিদ, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন, চরসাবুকাঠি ফাজিল মাদ্রাসা, হেফজখানা ও নুরানি শাখাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
এ ছাড়া বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এবং ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়কও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিতে পড়েছে এলাকার আবাদি জমি, ফসল, পুকুর, জলাশয় ও বিদ্যুৎ সংযোগব্যবস্থা। দ্রুত ব্যবস্থা না নিলে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা ও যোগাযোগব্যবস্থা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (দোয়ারিকা সেতু) পশ্চিম পাড় থেকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত নদীশাসন ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
মাইনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দিয়েছেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত , ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মো. এরশাদ হোসাইন, চরসাবুকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক, হেফজখানার শিক্ষক হাফেজ মনিরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মোল্লাসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। কর্মসূচির আয়োজক কমিটির আহ্বায়ক সুজন মুন্না। মানববন্ধনে বক্তারা বলেন, নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও নদীশাসনের কার্যকর উদ্যোগ নিতে হবে। মোকলেসুর রহমানের মতো অসংখ্য মানুষের এখন একটাই প্রশ্ন- কখন থামবে সুগন্ধার ভাঙন, আর কত বসতভিটা হারালে মিলবে স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা?
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি