Current Bangladesh Time
Thursday November ১২, ২০২৬ ৪:২৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
১২ November ২০২৬ Thursday ১২:৪৮:৪৯ PM
Print this E-mail this

বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই


বিশেষ প্রতিনিধি:

বরিশাল বিভাগে চলতি বছর নিখোঁজ হওয়া টিনএজারদের (কিশোর-কিশোরী, তরুণ-তরুণী) মধ্যে ৯৩ জনের হদিস এখনো পায়নি পুলিশ। যারা উদ্ধার হয়নি তাদের মধ্যে ৪৪ জনের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে এবং ৪৯ জনের বয়স ১৯ বছরের ঊর্ধ্বে। পুলিশের তথ্যমতে, নিখোঁজ টিনএজারদের একটি বড় অংশ প্রেমের টানে ঘরে ছেড়েছে। অভাবের তাড়নায়, পরিবারের সঙ্গে দ্বন্দ্বের জেরেও ঘর ছেড়েছে কেউ কেউ।

বরিশাল পুলিশ সূত্রে জানা গেছে, বিভাগের ৬ জেলার থানাগুলোয় গত ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১ হাজার ৩৬২ জন নিখোঁজের জিডি হয়। পরবর্তীকালে সবাইকে উদ্ধার করে জিডির নিষ্পত্তি করা হয়। এ বছরের একই সময়ে ১ হাজার ৬৮৯ জন নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে উদ্ধার হয়েছে ১ হাজার ৫৯৬ জন। অর্থাৎ ৯৩ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি। পুলিশের হিসাবে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে গত বছরের তুলনায় ৩২৭ জন বেশি নিখোঁজের জিডি হয়েছে। 

উদ্ধার হওয়া টিনএজারদের তথ্যের বরাত দিয়ে পুলিশের দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, তাদের একটি অংশ অভাবের তাড়নায় চাকরির সন্ধানে পরিবারকে না জানিয়ে ঘর ছাড়ছে। পরবর্তীকালে তাদের ঢাকার গার্মেন্টসসহ বিভিন্ন বেসরকারি কারখানা থেকে উদ্ধার করা হয়। 

এর উদাহরণ হিসেবে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে গত ১ অক্টোবর ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর ম্যাচ ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয়। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার কথা জানিয়ে গত ২৯ সেপ্টেম্বর স্বজনেরা বাকেরগঞ্জ থানায় জিডি করেছিলেন। গত ১ অক্টোবর গৌরনদী থেকে নিখোঁজ হওয়া কিশোর জয় মণ্ডলকে (১৪) পরবর্তীকালে বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় কর্মরত অবস্থায় উদ্ধার করা হয়।

বরিশাল সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, প্রেমঘটিত বিষয়, অভিভাবকের নজরদারির অভাব এবং স্কুল-কলেজে তদারকি না থাকার কারণে এ ধরনের নিখোঁজের প্রবণতা বাড়ছে। তিনি বলেন, ‘এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে পরিবার, স্কুলে সচেতনতা বাড়ানো দরকার।’

পুলিশের দায়িত্বশীল সূত্র বলছে, উদ্ধার না হওয়া টিনএজারদের বড় একটি অংশ প্রেমের টানে ঘর ছেড়েছে। রেঞ্জ পুলিশের দেওয়া তথ্যেও একই কথা বলা হয়েছে। এ বছর প্রথম ছয় মাসে নিখোঁজ মোট ১ হাজার ৬৮৯ জনের মধ্যে ১ হাজার ৭৮ জনের ক্ষেত্রে জিডিতে উল্লেখ করা হয়েছে, প্রেমের সম্পর্কের কারণে তারা ঘর ছেড়েছে।

জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. সাদিকুর রহমান বলেন, ‘পরিবারের সচেতনতার অভাবে টিনএজারদের নিখোঁজের সংখ্যা বাড়ছে। একসময় দেখেছি বাবা-চাচাদের মধ্যে সম্পর্ক ছিল। তারা শিশু-কিশোরদের শাসন করতেন। এখন টিনএজাররা মোবাইলে আসক্ত। এ ছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে হিংস্রপ্রবণতা বেড়েছে। তরুণদের ধারণা, তারা সবকিছু করতে পারে, এ জন্য মব কালচার সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারিবারিক সম্পর্ক বাড়াতে হবে। শিক্ষাব্যবস্থায় বিষয়টি তুলে ধরতে হবে।

এ ব্যাপারে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার বলেন, গত বছর নিখোঁজ টিনএজারদের সবাই ফিরলেও এ বছর প্রথম ৬ মাসের হিসাবে ৯৩ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের সন্ধানে এখনো পুলিশের মাঠ কর্মকর্তারা কাজ করছেন। তবে এ বছর কেন নিখোঁজের সংখ্যা বাড়ল, তা খতিয়ে দেখতে হবে। তিনি জানান, টিনএজারদের ঘর ছাড়ার প্রবণতা বৃদ্ধিতে উদ্বেগের কথা জানিয়ে সম্প্রতি সংসদে আলোচনা হয়েছে। নিখোঁজের বিষয়ে পুলিশ বিভাগও দুশ্চিন্তায় রয়েছে। তাদের মানব পাচার কিংবা অন্য কোনো খারাপ পেশায় জড়ানো হতে পারে। এসব ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম একটি বড় ফ্যাক্টর। কিশোর-কিশোরীরা লোভে পড়ে ফাঁদে পা দেয়। টিনএজারদের বিপদগামী পথ থেকে ফেরাতে শিক্ষা, সমাজকল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন ডিআইজি জুলফিকার হায়দার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com