Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় জেগে ওঠা ডুবোচরে হুমকির মুখে লাখো মানুষের জীবিকা
১২ November ২০২৬ Thursday ৩:০৯:৪২ PM
কলাপাড়ায় জেগে ওঠা ডুবোচরে হুমকির মুখে লাখো মানুষের জীবিকা
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:
প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ভরাট হয়ে গেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার খাল। একসময়ের প্রবহমান এ খাল এখন অসংখ্য ডুবোচরে পরিণত হয়েছে। এতে গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে প্রতিদিন আটকে পড়ছে মৎস্যবাহী ট্রলার। ঘণ্টার পর ঘণ্টা, কখনো দিনের পর দিন আটকে থাকায় ট্রলারেই পচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। সময়মতো মাছ বাজারজাত করতে না পেরে লোকসান গুনছেন জেলেরা।
এ অবস্থায় খালটির ওপর নির্ভরশীল হাজারো জেলে, মৎস্য ব্যবসায়ীসহ লাখো মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত খালটি খনন করে নৌযান চলাচলের উপযোগী করা না হলে বিপর্যয়ে পড়বে পুরো মৎস্য অর্থনীতি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজারকে ঘিরে গড়ে উঠেছে বিশাল কর্মযজ্ঞ। প্রতিদিন দূরদূরান্ত থেকে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা এখানে আসেন। মাছের আড়ত, পাইকারি বেচাকেনা এবং পরিবহনকে কেন্দ্র করে জমজমাট থাকে বাজারটি। এই বাজারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবিকা। কিন্তু খালটির নাব্য সংকটে এখন মাছ নিয়ে ঘাটে ফিরতেই বিপাকে পড়ছেন সমুদ্রগামী জেলেরা।
স্থানীয়দের ভাষ্য, একসময় প্রবল স্রোত বয়ে চলা ধুলাসার খালে এখন জোয়ারের সময় কোনো রকমে ট্রলার প্রবেশ করতে পারলেও ভাটায় নৌযান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। খালের বিভিন্ন স্থানে জেগে ওঠা ডুবোচরে আটকে থাকে ট্রলার। এতে মাছ নিয়ে নির্ধারিত সময়ে ঘাটে পৌঁছানো সম্ভব হয় না। অনেক সময় বাধ্য হয়ে জেলেদের মাথায় করে মাছ পরিবহন করতে হয়। কেউ কেউ আবার বিকল্প ঘাটে যেতে অতিরিক্ত জ্বালানি খরচ করছেন।
সোবহান সিকদার নামে এক জেলে বলেন, একসময় এই খালের স্রোতের টান ছিল প্রবল। আর এখন ভাটার সময় খালের এক পাড় থেকে অন্য পাড়ে হেঁটেই পারাপার হন অনেকে। প্রতিদিন সাগর মোহনা দিয়ে হাজারো মাছ ধরার ট্রলার খালে প্রবেশ করে। কিন্তু ডুবোচরে আটকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় জেলেদের। সময়মতো মাছ ঘাটে নিতে না পারায় কম দামে বিক্রি করতে হয়। অনেকের মাছ ট্রলারেই পচে যায়। এতে পরিশ্রম করেও লোকসান গুনতে হচ্ছে।
বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, খালটির নাব্য সংকট এখন লাখো মানুষের জীবিকায় প্রভাব ফেলছে। শীত মৌসুমে এ বাজারে কোটি টাকার মাছের বেচাকেনা হয়। কিন্তু খালের মোহনায় বালু জমে বড় বড় চর জেগে ওঠায় ট্রলার চলাচল কঠিন হয়ে পড়েছে। জোয়ারের সময় ছোট ট্রলার প্রবেশ করতে পারলেও বড় ট্রলার প্রায়ই আটকে যায়। দ্রুত খনন করা না হলে অনেক জেলেকে পেশা পরিবর্তন করতে হতে পারে।
আরেক ব্যবসায়ী হাজী মাসুদ বলেন, শত বছরের পুরোনো বাবলাতলা বাজারটি মূলত এই খালের ওপর নির্ভরশীল। খালটির কারণে জেলেরা এখন এ ঘাটে মাছ নিয়ে আসতে আগ্রহ হারাচ্ছেন। বিকল্প হিসেবে মহিপুর-আলীপুর ঘাটে যেতে হলে অতিরিক্ত জ্বালানি খরচ করতে হয়। অনেকে কয়েক কিলোমিটার মাছ মাথায় করে পরিবহন করেন। এই দৃশ্য অত্যন্ত কষ্টের। বাজারকে কেন্দ্র করে লাখো মানুষের জীবিকা জড়িত থাকায় দ্রুত খালটি খননের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী কালবেলাকে বলেন, জেলেরা অনেক কষ্ট করে মাছ আহরণ করলেও চ্যানেলের নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুবোচরের কারণে সময়মতো ঘাটে ফিরতে পারছেন না। এতে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, যাতে দ্রুত খালটি খননের উদ্যোগ নেওয়া হয়।
বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী ইতোমধ্যে খাজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খননের ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজারের মাধ্যমে বালু অপসারণ করা হচ্ছে। ধুলাসার খালের ক্ষেত্রেও কোনো প্রতিনিধি আবেদন করলে সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি
এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা
শুকনো মৌসুমে নাব্যতা সংকট: বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট