দুমকিতে চেক জালিয়াতির অভিযোগে ২ জন আটক
দুমকি, ১১ নভেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকিতে অভিনব কৌশলে চেক জালিয়াতির মাধ্যমে এক ব্যবসায়ীর ব্যাংক একাউন্টের ৬৫ হাজার টাকা তুলে নেয়ার অভিযোগে দু’জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ১০ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার কৃষি ব্যাংক শাখা থেকে জাল স্বাক্ষরের চেকে ৭ হাজার উত্তোলন করতে গেলে নজরুল (২৮) ও রেজাউল করিম (৩০) নামের দু’প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। থানা পুলিশ ১১ নভেম্বর শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে পটুয়াখালীর জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
থানা পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলা শহরের শুভ কালার ষ্টুডিও মালিক সুভাষ চন্দ্র হাওলাদারের বিকেবি, দুমকি শাখার চলতি হিসাব-নং ২৫৯৪ একাউন্ট থেকে জাল স্বাক্ষরের চেক দিয়ে ৭ হাজার টাকা তুলে নেয়ার সময় নজরুল নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করে ব্যাংক কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদে ধৃত নজরুলের স্বীকারোক্তি মতে চক্রের প্রধান হোতা রেজাউল করিমকে শহরের খামার বাড়ি ব্রিজ এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। প্রতারক চক্র এর আগে ওই ব্যবসায়ীর একাউন্ট থেকে বিভিন্ন তারিখের ৪ টি চেকে মোট ৬৫ হাজার টাকা তুলে নিয়েছে। ওই একাউন্টের সর্বশেষ স্থিতির ৮ হাজার টাকা থেকে ৭ হাজার টাকা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। এ ব্যাপারে দুমকি থানায় চেক জালিয়াতির ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।
ধৃত আসামী নজরুল নিজেকে নির্দোষ দাবী করে আমাদের বরিশাল ডটকমকে বলেন, পাওনা টাকা চাইতে গেলে প্রতারক রেজাউল ৭হাজার টাকার ওই চেকটি দিয়ে তাঁকে কৃষি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পাঠায়। টাকা উঠাতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ চেক স্বাক্ষরে অমিল দেখে তাকে বসিয়ে রেখে পুলিশে ধরিয়ে দিয়েছে।
অপরদিকে শুভকালার ষ্টুডিওর মালিক শুভাষ চন্দ্র হাওলাদার জানান, কয়েকদিন আগে তার চেক বইয়ের পেছন দিক থেকে ৫টি পাতা না দেখে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে গিয়ে তার ক্রকাউন্টের টাকা চুরির ঘটনা টের পান। ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শে তিনি কাউকে কিছু না জানিয়ে অপেক্ষা করতে থাকেন। ১০ নভেম্বর বৃহস্পতিবার অবশিষ্ট চেক দিয়ে টাকা তুলতে গেলে প্রতারক চক্রকে আটক করতে সক্ষম হয়।
প্রতারক রেজাউল ও নজরুলের গ্রামের বাড়ি একই উপজেলার জলিশা ও শ্রীরামপুর গ্রামে। নজরুল শহরের পিরতলা বাজারের একজন দোকানদার। দোকানের গ্রাহক রেজাউলের কাছে পাওনা ১হাজার টাকা আদায়ের জন্য বার বার তাগাদা দিলেও আদায় করতে পারছিল না। ওই টাকার জন্য চাপ দিলে প্রতারক রেজাউল তাঁকে চেকটি ধরিয়ে দিয়ে টাকা তুলে এনে বাকী ছয় হাজার টাকা ফেরত দিতে বলায় সে চেকটি নিয়েছে বলে নজরুলের স্বজনরা দাবি করছে।
দুমকি থানার কর্তব্যরত ডিউটি অফিসার এ.এস.আই দেলোয়ার হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, রেজাউল একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় প্রতারণার অভিযোগ রয়েছে।
–
(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |