Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৬:৪৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় লঞ্চঘাট প্রকল্প: উদ্বোধনের ৪ মাসের মাথায় সড়ক ও জেটিতে ধস
১০ June ২০২৬ Wednesday ৬:৩৫:১৯ PM
Print this E-mail this

হিজলায় লঞ্চঘাট প্রকল্প: উদ্বোধনের ৪ মাসের মাথায় সড়ক ও জেটিতে ধস


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলায় উদ্বোধনের চার মাসের মাথায় মৌলভীরহাট লঞ্চঘাট প্রকল্পের সড়কে ধস এবং জেটির অনেক অংশ দেবে গেছে। পাইলিং না করা, নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নির্মাণকাজে অনিয়মের কারণে ২৫ লাখ টাকার এই প্রকল্পের এমন বেহাল দশা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এতে লঞ্চঘাটে আসা যাত্রীরা বিপাকে পড়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা সড়ক ও দেবে যাওয়া জেটি পেরিয়ে লঞ্চে উঠছেন তাঁরা। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দাবি, লঞ্চঘাটে নিচ থেকে মাটি সরে যাওয়ায় সড়ক ও জেটি ধসে পড়ছে। 

বরিশাল বিআইডব্লিউটিএ সূত্র জানায়, প্রথম দফায় জেটিঘাট ও লঞ্চঘাটের সড়ক ভেঙে যাওয়ার পরে সংস্কারের জন্য দ্বিতীয় দফায় ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদারির কাজ করেছেন রাজু ঢালী। কর্মকর্তাদের তত্ত্বাবধানে নতুন সড়ক ও জেটি নির্মাণ করা হয়। গত ৩০ জানুয়ারি তৎকালীন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন লঞ্চঘাট উদ্বোধন করেন। উদ্বোধনের পর গত এপ্রিল মাসে জেটির আংশিক দেবে যায়। কয়েক দিন আগে সড়কের একটা বড় অংশ ধসে নদীগর্ভে চলে গেছে। ভাঙন অব্যাহত থাকলে লঞ্চঘাটের সম্পূর্ণ সড়ক ও জেটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, নতুন বরাদ্দের সংস্কারকাজে অনিয়ম হয়েছে। সড়ক নির্মাণের সময় নদীতে ভালোভাবে পাইলিং করা হয়নি। তড়িঘড়ি আর জোড়াতালি দিয়ে কাজ করায় সড়ক ও জেটি ধসে পড়ছে। 

মৌলভীর হাট এলাকার ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বলেন, ২০২৩-২৪ অর্থবছরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এই লঞ্চঘাট প্রকল্পের নির্মাণকাজ পান তৎকালীন উপজেলা চেয়ারম্যান প্রয়াত বেলায়েত হোসেন ঢালীর ছেলে রাজু ঢালী। ঘাটের কাজে রাজু ঢালী ও তাঁর সিন্ডিকেট নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়ম করেন। কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই পুরো ঘাটটি ভেঙে যায়। প্রথম দফায় সরকারের প্রায় কোটি টাকা গচ্চা যায়। 

মৌলভীর হাট এলাকার মো. দেলোয়ার হোসেন বলেন, প্রথমবার ঘাটটি ধসে যাওয়ার পর জনগণের দুর্ভোগ ও নদী পারাপারের গুরুত্ব বিবেচনা করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। নতুন বরাদ্দের কাজ আগের ঠিকাদারি প্রতিষ্ঠান রাজু ঢালীকে দেওয়া হয় এবং তিনি আগের মতো চরম গাফিলতি ও দায়সারা কাজ করেন। ফলে উদ্বোধনের চার মাসেই সড়ক ও জেটি ভেঙে পড়েছে। 

অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদার রাজু ঢালী বলেন, প্রথম ও দ্বিতীয় দফায় সরকারি শিডিউল অনুযায়ী কাজ করা হয়েছে। 

বরিশাল বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, নিচ থেকে মাটি সরে যাওয়ায় মৌলভীর হাটে লঞ্চঘাটের জেটি ও সড়ক ধসে পড়েছে। শিগগির ঘাটটি পরিদর্শন করে নতুনভাবে সংস্কার করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com