দুমকিতে কলেজ ছাত্রের কব্জি কর্তন
দুমকি, ২৩ নভেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকিতে তুচ্ছ ঘটনার জের ধরে পিচ্চি সন্ত্রাসীরা মোস্তাকিম বিন ইউসুফ ওরফে মিঠু (১৭) নামের এক কলেজ ছাত্রের কব্জি কেটে ফেলেছে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা প্রথমে স্থানীয় লুথ্যারাণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষনিক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার তালতলি বাজারে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার রাজাখালী গ্রামের চিহ্নিত পিচ্চি সন্ত্রাসী রবিউল ও সজিবের নেতৃত্বে ৫/৬জনের একটি সন্ত্রাসী চক্র বিকেল সাড়ে ৫টার দিকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে মোস্তাকিম বিন ইউসুফ ওরফে মিঠুকে তালতলি বাজারের মধ্যে আটকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে দৌড়ে পালিয়ে যায়। বাজারের দোকান্দার ও পথচারীরা রক্তাক্ত জখম অবস্থায় আহতকে স্থানীয় লুথ্যারান হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক এ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেয়। চিকিৎসকরা জানায়, মিঠুর বাম হাতে কব্জি পুরোপুরি কাটা অবস্থায় ঝুলে রয়েছে।
মিঠু মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ হাওলাদারের জেষ্ঠ্য পুত্র এবং জনতা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণী ছাত্র। ছোট ভাই টিটুর সাথে দ্বন্দের ধরে পিচ্ছি সন্ত্রাসীরা মিঠুর ওপর এ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে আহতের পারিবারিক সূত্র দাবী করেছে। টিটুর সহপাঠী এক বন্ধুর প্রেম পত্র দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দের সূত্রপাত বলে স্থানীয় ভাবে জানা গেছে।
দুমকি থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।
–
(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |