রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানের জননীর মুত্যু
রাজাপুর, ২৯ এপ্রিল (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুর উপজেলায় খাবার পানি আনতে গিয়ে ঝড়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেনু বেগম (৫০) নামের দুই সন্তানের জননীর মুত্যু হয়েছে। ২৯ এপ্রিল রোববার সকাল সাড়ে ৯ টার দিকে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের বাদুরতরা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। রেনু বেগম একই গ্রামের দরিদ্র দিনমজুর মঈন উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র ও মঈন উদ্দিন জানান, ২৯ এপ্রিল রোববার সকালে খাবার পানি আনতে কলসি নিয়ে বাড়ির সামনে যাওয়ার পথিমধ্যে ২৮ এপ্রিল শনিবারের কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে ছিড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তার হাত দিয়ে সরাতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসনে।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।
একাধিক স্থানীয় সূত্র ও রেনুর স্বামী মঈন উদ্দিন অভিযোগ করে জানান, ২৮ এপ্রিল শনিবার থেকে রাজাপুর পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ঝড়ে তার ছেড়ার বিষয়টি জানালেও পল্লী বিদ্যুতের কর্মচারীরা ছেড়া তারটি সরায়নি এবং লাইনটিও মেরামত করেনি। পল্লী বিদ্যুতের কর্মচারিদের উদাসিনতার কারনেই এ দুর্ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন রেনুর আত্মীয়-স্বজনরা।
এ ব্যপারে জানতে চাইলে উপজেলা পল্লী বিদ্যুত অফিসের ভারপ্রাপ্ত জুনিয়র প্রকৌশলী আবু হাসান জানান, স্থানীয়রা তার ছেড়াঁর বিষয়টি ২৮ এপ্রিল শনিবার রাত পৌনে ১০ টায় জানিয়েছেন বলে তিনি স্বীকার করেন। অভিযোগ পেয়ে তিনি স্থানীয়দেরকে ঘরের মেইন সুইজ বন্ধ করে রাখতে বলেন এবং সকালে মেরামত করা হবে বলে আশ্বাস দেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোফাজ্জেল হোসেন জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে।
–
(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/ররে/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |