সাড়ে ৪ বছরেও বরগুনায় পৃথক বিচারিক ভবন হয়নি
 বরগুনায় জরাজীর্ণ এ ভবনে বিচারকাজ চলছে (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)
মনির হোসেন কামাল, বরগুনা :: উচ্চ আদালতের নির্দেশে ২০০৭ সনের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হলেও দীর্ঘ সাড়ে চার বছরেও বরগুনাতে পৃথক ভবন নির্মান হয়নি। ফলে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থীসহ বিচার সংশ্লিষ্ট সকল ব্যাক্তিদের প্রতিদিন পোহাতে হয় চরম ভোগান্তি ও দূর্ভোগ।
আদালত সূত্রে জানা গেছে, বিচার বিভাগ আলাদা হবার পর সাড়ে চার বছর যাবৎ বরগুনা জেলা জজ আদালত ভবনের একটি একটি কক্ষে সাড়ে চার বছর যাবৎ বিচারিক কাজ পরিচালনা করছেন মুখ্য বিচারিক হাকীম। জেলা জজ আদালতের নকল খানার সংকীর্ন দুটি কক্ষে বিচারিক কাজ পরিচালনা করেন দু’জন জ্যেষ্ঠ বিচারিক হাকিম। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকীমের জন্য এখনও কোন কক্ষ বরাদ্দ দেয়া হয়নি। বরগুনায় মোট ৭ টি বিচারিক আদালতের কর্মকান্ড পরিচালিত হয় মাত্র ৩ টি কক্ষে। এর ফলে একই কক্ষে একজন বিচারককে দু’তিনটি আদালত পরিচালনা এবং পালাক্রমে বিচারিক কাজ করতে হয়, যার ফলে মামলা নিষ্পত্তিতে মারাত্বক ব্যাঘাত ও দীর্ঘসূত্রীতার সৃষ্টি ঘটে। সংকীর্ন নকলখানার কক্ষ দুটিতে এতই অল্প জায়গা যে আইনজীবীদেরকেও অনেক সময় বাইরে দাড়িয়ে থাকতে হয়। বিচারপ্রার্থীরা সামনের মাঠে রোদে বসে থাকেন। বিচারকার্য পর্যাবেক্ষনকারী অথবা সাংবাদিকরা ওই সংকীর্ন কক্ষে বসার কোন সুযোগ পাননা। এর ফলে সকলকে অসহনীয় দূর্ভোগে পোহাতে হয়।
বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাতক এম এ জলিল বলেন, ভবন সংকটের কারনে বিচারকার্জ ও ধারাবাহিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। কিন্তু দায়িত্বশীল কেউ ভবন তৈরির উদ্যোগ নিচ্ছেন না।
বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য সফিকুল ইসলাম নেছার বলেন, ভবন তৈরির জন্য কয়েকবার গনপূর্ত বিভাগকে অনুরোধ করা হলেও আশানুরুপ কোন উদ্যোগ অথবা স্থান নির্ধারন হয়নি।
গনপূর্ত বিভাগের এটি সূত্র জানায়, বিচারিক ভবন তৈরির জন্য জেলা জজ আদালতের সামনের দীঘিটির অর্ধেক বরাদ্দের প্রাথমিক কথা উঠলেও পুকুর ভরাট করার জটিলতা ও অর্থ বরাদ্দ না হওয়ায় বিষয়টি বন্ধ হয়ে যায়।
আদালতের কয়েকজন আইনজীবী জানান, গনপূর্ত বিভাগের স্বেচ্ছাচারিতার কারনে এখনও ভবন নির্মানের উদ্যোগ নেয়া হয়নি।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, অচিরেই বিষয়টি নিয়ে আমি উর্ধ্বতন ব্যক্তি ও মন্ত্রনালয়ের সাথে কথা বলে ব্যবস্থা নেব।
–
(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |