খালে ঝাঁপ দিয়ে রক্ষা পেল স্কুল ছাত্রী! প্রতিনিধি, বরগুনা
স্কুল থেকে বাড়ি ফেরার পথে চার বখাটে মিলে ধাওয়া করলে খালে ঝাঁপ দিয়ে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী । এ ঘটনায় অভিযুক্ত তিন বখাটেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এরা হচ্ছে, বরগুনার বামনা উপজেলার বাটাজোর গ্রামের আফজাল আকনের বখাটে ছেলে মো. নাইম আকন(২৩), মো. আবু খানের ছেলে মো. মামুন খান(২৫) ও আব্দুস সালামের বখাটে ছেলে মো. হাসিব(২২) ।
রোববার (১০ এপ্রিল) বিকালে উপজেলার বুকাবুনীয়া ইউনিয়নের লক্ষীপুরা এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই দিন রাতেই স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে বামনা থানায় চার বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, উপজেলার ছোট যাদপুরা গ্রামের মো. মজিবর সিকদারের মেয়ে স্থানীয় বুকাবুনীয় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার (১২) রোববার বিকালে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল।
এসময় পাশ্ববর্তী বাটাজোর গ্রামের মো, হারুন ফরাজির বখাটে ছেলে মো. ওমর ফরাজির(১৬) নেতৃত্বে সংঘবদ্ধ চার বখাটে মিলে মেয়েটিকে পথে একা পেয়ে কু-প্রস্তাব দেয়। মেয়েটি ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে বখাটেরা তাকে ধাওয়া করে।
এক পর্যায় মেয়েটি লক্ষীপুরা গ্রামের খালে লাফিয়ে পড়ে আত্মরক্ষার চেষ্টা করে। এসময় ওই খালে গ্রামের কয়েকজন গৃহবধু গোছল করছিল। এসময় বখাটেরা ওই স্কুল ছাত্রীকে চুল ধরে টেনে হিচড়ে খাল থেকে তুলে আনার চেষ্ট করলে মেয়েটির চিৎকারে তারা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।
মামলার বাদি ওই স্কুল ছাত্রীর বাবা মো. মজিবর রহমান সিকদার অভিযোগ করেন, ওই চার বখাটে কয়েক দিন ধরে তার মেয়ের স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করছিল।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও বামনা থানার উপ পরিদর্শক মো. আব্দুস সত্তার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটির বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত চার বখাটের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। অভিযুক্ত প্রধান আসামি ঘটনার পর থেকে পলাতক। তবে অণ্য তিন আসামিকে গ্রেপ্তার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |