বনাঞ্চল উজাড় করে বামনার ইটভাটায় পুড়ছে কাঠ মিজানুর রহমান টিপু, বামনা
বরগুনা জেলার বামনা উপজেলা সদরের আধাকিলোমিটারের মধ্যে স্থাপিত গাজী ব্রীকস্ নামে একটি ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে জ্বালানী কাঠ। পরিবেশ আইন অমান্য করে ঘনবসতি পূর্ন ও বামনা উপজেলা পরিষদের নাকের ডগায় স্থাপন করা হয়েছে এই ইটেরভাটাটি।
প্রতিদিন হাজার হাজার মণ কাঠ পোড়ানোর ফলে উজাড় হচ্ছে এলাকার বনাঞ্চল। ধ্বংস হয়ে যাচ্ছে ঝড় জলোচ্ছাস প্রতিরোধক নদীতীরবর্তী সবুজ বেষ্টনী। এমনকি উপজেলা বনবিভাগের কর্মকর্তাদের যোগ সাজসে ভাটাটির আশপাশের ভেরীবাঁধের সামাজিক বনায়নের বনজ গাছ এই ভাটায় পোড়ানো হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
নির্বিঘ্নে এই ইটভাটাটিতে অবৈধ ভাবে ইট পোড়ানো হলেও প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নেই কোন নজরদারী। তবে ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছেনা স্থানীয় প্রশাসন।
শুধু তাই নয় বামনা উপজেলার ১০টি ইটেরভাটায় ইট তৈরীর জন্য প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকার ফসলী জমি ও বিষখালী নদীর তীর ঘেঁষা ভাঙ্গনকবলিত স্থান থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে এই মাটি খেকোর দল। ফলে ভেরী বাঁধ পড়েছে ব্যপক হুমকীর মুখে। বিভিন্ন সময়ে নদী তীরের মাটি কাটার সংবাদ প্রকাশ হলেও প্রশাসন এই মাটি কাটা বন্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি।
সরজমিনে ঘুরে দেখা যায়, বামনা উপজেলার বামনা সদরের চেঁচান, কলাগাছিয়া, পূর্বসফিপুর, বুকাবুনিয়ার রাজারহাট, রামনা, চলাভাঙ্গা সহ দক্ষিণ কাকচিড়া গ্রামে প্রায় ১০টি ইটভাটা রয়েছে। এর প্রতিটি জিকজ্যাক পদ্ধতিতে ইট তৈরী হলেও উপজেলা সদরের গাজী ব্রিকস্ নামে দুটি ইটের ভাটায় প্রতিদিন কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে তৈরি করছে ইট।
কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে চলছে এ ইট তৈরীর কাজ। ইট পোড়ানোর জন্য পুরো ভাটার চার পাশে জুড়ে রয়েছে কয়েক শত মন জ্বালানী কাঠ। আর এই কাঠ দিয়ে প্রতিদিনই ইট পোড়ানোর কথা স্বীকার করলেন শ্রমিকরা।
যার ফলে পরিবেশ বিপর্যয়ের মধ্যে পরবে বলে আশঙ্কা করছে এলাকাবাসীরা। এই কাঠ পোড়ানোর দৃশ্য সাধারন মানুষের চোখে পড়লেও প্রশাসনের চোখে পড়ছে না বলে অভিযোগ উঠছে সচেতন মহলে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত বামনা উপজেলা বনকর্মকর্তা মো. সাইদুর রহমান মানিক আকন আমাদের বরিশাল ডটকমকে জানান, বামনার বিভিন্ন ইট ভাটায় কাঠ পোড়ানোর তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু আমাদের বরিশাল ডটকমকে বলেন, আমি এই ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয়ে শুনেছি। খুব তাড়াতারি এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করবো।
বরগুনা জেলা প্রশাসক ম.হা. বশিরুল আলম আমাদের বরিশাল ডটকমকে বলেন, ঘটনাটি শুনেছি, আমরা তদন্ত করে অচিরেই মোবাইল কোর্ট দিয়ে ওই ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |