হামলা চালিয়ে মির্জাগঞ্জ প্রেসক্লাবে তালা দিল ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতারা
পটুয়াখালী, ২৪ ডিসেম্বর (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবে হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা শ্রমিকলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতারা। ২৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে বন্ধ থাকা প্রেসক্লাব ভবনের গেইট পিটিয়ে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায় হামলাকারীরা। এ ঘটনায় মির্জাগঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছেন।
জানা গেছে, বিভিন্ন সময়ে ক্ষমতাশীনদের দলীয় কর্মসূচীর সকল ধরনের সংবাদ পত্রিকায় প্রকাশিত না হওয়ায় এবং ছাত্রলীগের একটি মিছিলের প্রকাশিত সংবাদে উপস্থিত নেতৃবৃন্দ সকলের নাম ছাপা না হওয়ায় উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক হাবিব মৃধা ও উপজেলা ছাত্রলীগ বিলুপ্ত কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক আসাদুজ্জামান রঞ্জুর নেতৃত্বে ১০/১২ জনের একটি সশস্ত্র ক্যাডার মির্জাগঞ্জ প্রেসক্লাবে হামলা চালায়।
এসময় তারা সাংবাদকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ভবনের গেইট পিটিয়ে ও লাথি মেরে দড়জায় তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়। এ ঘটনার প্রতিবাদ জানাতে সাংবাদিকরা জড়ো হলে উপজেলা আ’লীগ সভাপতি মোকলেছুর রহমান সাংবাদকর্মীদের তার বাসায় ডেকে পাঠান। সাংবাদকর্মীদের উপস্থিত হলে ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করে ঝুলানো তালার চাবি ফেরত দেন সাংবাদিকদের কাছে।
প্রেসক্লাবের সাংবাদিকরা জানান, হামলার সাথে জড়িত শ্রমিকলীগ নেতা হাবিব মৃধা মাদক ব্যাবসায় জড়িত। পুলিশের হাতে গাজাসহ ধরা পরে সাজা খেটে সম্প্রতি বের হয়েছে সে। এছাড়া আরেক হামলাকারী ছাত্রলীগ নেতা রঞ্জু স্থাণীয় এক বিএনপি নেতার আত্মীয় ও এক আ’লীগ নেতার ক্যাডার হিসেবে পরিচিত।
ঘটনার কথা স্বীকার করে উপজেলা আ’লীগ সভাপতি কাজী মোকলেছুর রহমান আমাদের বরিশাল ডটকমকে বলেন, ওটা ভুল বোঝাবুঝি হয়েছে, ঘটনার পর মিটিয়ে দিয়েছি।
ঘটনার নিন্দা জানিয়ে মির্জাগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক আনিসুর রহমান জানান, এ ঘটনায় উপজেলা আ’লীগ সভাপতি-সম্পাদক, যুবলীগ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে ঘটনার নিন্দা জানিয়েছেন।
এ ব্যাপারে প্রেসক্লাব সভাপতি এড. মজিবর রহমান জানান, দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগের একটি মিছিলের সংবাদ প্রকাশ না হওয়ায় এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর আ’লীগ সভাপতির বাসায় নেতারা আমাদের ডেকে চাবি দিয়ে দেন। প্রেসক্লাবের সকল সদস্য নিয়ে জরুরী বৈঠক ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
–
(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |