Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১২:৫২ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » বরগুনার তালতলী: খননে ৯ মরা খালে ফিরল প্রাণ
২৭ March ২০২৬ Friday ১২:২০:৫৪ PM
Print this E-mail this

বরগুনার তালতলী: খননে ৯ মরা খালে ফিরল প্রাণ


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বিস্তীর্ণ কৃষিজমি বছরের পর বছর পানির অভাবে অনাবাদি ছিল। ইউনিয়নের বিভিন্ন গ্রাম দিয়ে বয়ে যাওয়া ৯টি খাল পলি জমে ভরাট হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি এসব খাল পুনঃখনন করায় আশার আলো দেখছেন স্থানীয় কৃষকেরা। সংশ্লিষ্টদের ধারণা, এসব খাল ঘিরেই বদলে যাবে স্থানীয় কৃষকের ভাগ্য।

বরগুনা কৃষি বিভাগ বলছে, খালগুলো পুনঃখননের ফলে এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্তরিত হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন মরা খাল খননের উদ্যোগ নেওয়া হবে।

জানা গেছে, জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের অর্থায়নে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া সমবায় সমিতির আওতায় ১৭ হাজার ৫৫২ দশমিক ৫ মিটার খাল খননের প্রকল্প বাস্তবায়ন করে বরগুনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী দপ্তর। খালগুলো হলো নলবুনিয়া খাল, চিলু মাঝির খাল, সুন্দরিয়া খাল, সুন্দরিয়া ব্রাঞ্চ খাল, তাঁতিপাড়া খাল, চামোপাড়া খাল, মৌরাবির খাল, বথিপাড়া খাল ও পাওয়াপাড়া-মাওয়াপাড়া খাল। প্রায় ৩ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৮৮৩ টাকা ব্যয়ে এই ৯টি মরা খাল পুনঃখনন করা হয়।

নলবুনিয়া এলাকার বাসিন্দা ইউসুফ মিয়া বলেন, ‘শত বছর আগে এখানে বড় খাল ছিল। ধীরে ধীরে ভরাট হয়ে খালগুলো মরে যায়। শুকনা মৌসুমে পানি না থাকায় চাষাবাদ করা সম্ভব হতো না। এমনকি পান করার পানিসহ দৈনন্দিন গৃহস্থালির কাজেও দেখা দিত তীব্র পানির সংকট। খালগুলো পুনরায় খনন করায় এখন প্রাণ ফিরে এসেছে জীববৈচিত্র্যে।’

সরেজমিনে নলবুনিয়া এলাকার পাওয়াপাড়া-মাওয়াপাড়া খালসহ আরও কয়েকটি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকার বিস্তীর্ণ ফসলি জমি একসময়ে পানির অভাবে অনাবাদি অবস্থায় পড়ে থাকত। প্রাকৃতিক বৃষ্টির পানিই ছিল এখানকার চাষাবাদের একমাত্র ভরসা। পুনঃখনন করায় সেই মরা খালে এসেছে পানি। খালে নতুন পানি আসায় কৃষকেরা যাঁর যাঁর জমিতে নালা কেটে সেচ দিচ্ছেন। একসময়ের এক ফসলি জমি এখন তিন ফসলি জমিতে পরিণত হচ্ছে। খালগুলোর দুই তীরের বিস্তীর্ণ মাঠ এখন বোরো ধানের সবুজ চারায় ছেয়ে গেছে।

শুধু ধান চাষই নয়, জেলার সবচেয়ে বেশি তরমুজের আবাদ হয় তালতলী উপজেলায়। নলবুনিয়া গ্রামের খালগুলো মরে যাওয়ায় এখানের বিস্তীর্ণ ফসলি জমি তরমুজ চাষের ব্যাপক সম্ভাবনা থাকলেও পানির সংকটে তরমুজ চাষ করতে পারতেন না এখানকার চাষিরা। কিন্তু খালগুলো খনন করায় এই অর্থনৈতিক চাকা ঘোরানো তরমুজ চাষে সম্ভাবনা দেখা দিয়েছে।

নলবুনিয়া এলাকার কৃষক আলী হোসেন মিয়া বলেন, ‘খালগুলো কাটায় এখন সারা বছর পানি পাব। এখন থেকে তিনবার চাষ করা সম্ভব হবে। ইতিমধ্যে চলতি শুকনা মৌসুমে খালে পানি থাকায় আমরা বোরো ধানের আবাদ শুরু করেছি। কেউ কেউ তরমুজের আবাদ করেছেন।’

নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু বলেন, ‘নলবুনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এই এলাকায় ৯টি খাল খনন করেছে। আমি এই খাল খননের শুরু থেকে খেয়াল রেখেছি। একসময়ে এখানে এক ফসলি চাষ হতো। এখন আর সেটা হবে না। শুষ্ক মৌসুমে কৃষকেরা পানি পাবেন। আবার জলাবদ্ধতাও থাকবে না। এই এলাকার মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষি যদি হুমকিতে থাকে, তাহলে এই এলাকার মানুষ ধ্বংস হয়ে যাবে। আশা করি খালগুলো খননের ফলে নতুন পানি আসায় এই পরিবারগুলো রক্ষা পাবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস বলেন, ‘নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৯টি খাল পুনঃখনন করা হয়েছে। তালতলীতে পানির সমস্যা তীব্র ছিল, বিশেষ করে বোরো ধান ও তরমুজ আবাদের ক্ষেত্রে পানির খুব প্রয়োজন হতো। খালগুলো খনন হওয়ায় পানির সমস্যা থেকে চাষিরা উপকৃত হয়েছেন। পর্যায়ক্রমে তালতলীর গুরুত্বপূর্ণ খালগুলো খনন করা হবে।’

তালতলী উপজেলা এলজিইডি প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘নলবুনিয়া এলাকায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় ৯টি খাল খনন করা হয়েছে। এই খালগুলো খননের মাধ্যমে জীববৈচিত্র্য ও কৃষিকাজে উন্নয়ন সাধিত হবে এবং এসব এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। খাল খননের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com