Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে হামলায় আহত যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন
২৫ June ২০২৬ Thursday ৪:২৩:৩২ PM
মুলাদীতে হামলায় আহত যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন
মুলাদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের মুলাদীতে হামলায় গুরুতর আহত হওয়ার প্রায় ২৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিলন হাজী (২৩) নামে এক যুবক। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
নিহত মিলন হাজী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাণীমর্দন গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) মৃত আব্দুর রহিম হাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মিলন। পরে তাঁকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় মিলনের ভাই নাসির হাওলাদার বাদী হয়ে আবু তাহের (২৫), রোমান (২৭), রাজু (২৫), রনি (২৫), রাব্বীসহ (২৩) নয়জনের নাম উল্লেখ করে এবং আরও ১৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
তদন্ত সূত্রে জানা যায়, গত ২৯ মে ঈদুল আজহার পরের দিন বিকেলে মিলনের সঙ্গে পার্শ্ববর্তী চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এদিকে, মিলনের মৃত্যুর আগেই ৩ জুন এলাকায় তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে এবং কয়েকটি গবাদিপশুও নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার করা গবাদিপশু প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে।
বৃহস্পতিবার সকালে মিলনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাণীমর্দন জয়বাংলা বাজার ও লক্ষ্মীপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, চিকিৎসাধীন মিলন হাজী বৃহস্পতিবার সকালে মারা গেছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ৩০২ ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করা হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী