নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
নগর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ মিলে যুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। মাত্র কয়েকদিন আগে স্বৈরাচারকে এ দেশ থেকে বিদায় করেছি।সব শ্রেণি-পেশার, সব ধর্ম-বর্ণের মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে দেশ থেকে হটিয়েছে। এভাবে সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও মানুষের জন্য ভালো কাজ করি, তাহলে সবাই উপকৃত হবো।
সোমবার (১৩ জুলাই) বেলা সোয়া ২টার দিকে বরিশাল নগরের ত্রিশ গোডাউন-সংলগ্ন সাগরদী খালের দুই পাড়ে একযোগে সাড়ে তিনশ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে।নিজেদের ঘর যদি নিজেরা গুছিয়ে না রাখি, তাহলে ঘর নোংরা হয়ে যায়। ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা, পাড়া কিংবা দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখি এবং পরিবেশের প্রতি যত্নশীল না হই, তাহলে ক্ষতিগ্রস্ত হবো আমরাই।অন্য দেশের সুন্দর পরিবেশ দেখে আফসোস করবো, অথচ নিজেদের দেশের পরিবেশ নষ্ট করবো-এটা হতে পারে না।
তিনি বলেন, গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। স্থানীয়দের প্রতি আমার অনুরোধ, যারা চারা রোপণ করেছেন তারা সবাই মিলে গাছগুলোর যত্ন নেবেন। গাছগুলো বড় হলে শুধু স্থানীয়রাই নন, এখানে আসা সব মানুষ উপকৃত হবেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রবহমান ও গুরুত্বপূর্ণ সাগরদী খালের পরিচর্যা শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়। খালের দুই পাড়ে বসবাসকারী সবাইকে এর যত্ন নিতে হবে। খালে পলিথিন ও প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। স্থানীয়রা নিজেরা যেমন খালে কিছু ফেলবেন না, তেমনি অন্যদেরও নিরুৎসাহিত করবেন। সিটি করপোরেশনের নির্ধারিত বিনেই পানির বোতল, টিস্যুসহ অন্যান্য বর্জ্য ফেলতে হবে। এ বিষয়ে সিটি করপোরেশনকেও আরও প্রচারণা চালাতে হবে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে বরিশালের গৌরনদীর ভূরঘাটা এলাকায় পৌঁছান তারেক রহমান।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর। এ সময় স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পরে গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বরিশাল নগরের উদ্দেশে রওনা হন তিনি।
সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের শুভেচ্ছার মধ্য দিয়ে বেলা ২টার দিকে তার গাড়িবহর বরিশাল নগরের বান্দর রোডে পৌঁছায়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান