বরিশালের হিজলা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে হিজলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন বিল্লাল হোসেন খোকন (২৫), জয়নাল দেওয়ান (৫০), খলিল দেওয়ান (৪৫) ও বিপুলি বেগম। আহতদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি জমির দখল ও মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে সালিসি বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। সালিসে বিরোধপূর্ণ জমিতে দেওয়া বেড়া খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে কাগজপত্র পর্যালোচনা করে জমির সীমানা নির্ধারণের পর বেড়া নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানান।
ভুক্তভোগী জব্বার আকন অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের জয়নাল দেওয়ান ও খলিল দেওয়ানসহ কয়েকজন নিজেদের জামায়াতে ইসলামী নেতা পরিচয় দিয়ে জোরপূর্বক বিরোধপূর্ণ জমিতে বেড়া নির্মাণ করেন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে সালিসদাররা শান্তি-শৃঙ্খলা রক্ষায় বেড়া খুলে দেওয়ার নির্দেশ দেন। পরবর্তী সময়ে কাগজপত্র পর্যালোচনা করে জমির সীমানা নির্ধারণের পর বেড়া নির্মাণের সিদ্ধান্ত হয়। ঘটনার দিন জয়নাল দেওয়ানকে তাদের জমিতে দেওয়া বেড়া খুলতে বললে তিনি তাকে ধাওয়া করেন। এ সময় তার ছেলে বিল্লাল হোসেন বাধা দিলে তাকে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন জব্বার আকন।
তবে জয়নাল দেওয়ান পাল্টা অভিযোগ করে বলেন, তারা নিজেদের জমিতে বেড়া নির্মাণ করেছেন। জব্বার আকন ও তার ছেলে তাদের ওপর হামলা চালিয়েছেন।
সাবেক দুই ইউপি সদস্য হানিফ দেওয়ান ও রিপন খান জানান, সালিসি বৈঠকে বিরোধপূর্ণ সম্পত্তির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জয়নাল দেওয়ানদের নির্মাণ করা বেড়া খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরে কাগজপত্র পর্যালোচনা করে জমির পরিমাপ ও সীমানা নির্ধারণের পর বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের লোকজন চিকিৎসাধীন রয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই পক্ষের লোকজন চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু