পটুয়াখালীতে সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণ, আটক ২
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ এবং কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে সাংবাদিক নামধারী দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- মো. রিয়াজ উদ্দিন ও মো. শহীদ বাদশা সবুজ। রিয়াজ নিজেকে ‘ক্রাইম পেট্রোল’ নামের একটি পত্রিকার প্রতিনিধি এবং শহীদ নিজেকে ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আকিব রায়হান জানান, জেলা প্রশাসকের কক্ষে দাপ্তরিক কাজ চলাকালে সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, কক্ষের বাইরে দুজন ব্যক্তি প্রশাসনের কর্মীদের সঙ্গে হট্টগোল করছেন। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি নজরে আসে।
পরে তাদের তল্লাশি করে মো. রিয়াজ উদ্দিনের জামার বুক পকেট থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এনডিসির দাবি, ফোনটিতে একটি অ্যাপের মাধ্যমে ভিডিও রেকর্ডিং চালু ছিল এবং তিনি গোপনে জেলা প্রশাসকের কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ধারণ করছিলেন।
এনডিসি আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুজনই নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। বিষয়টি নিয়েও সন্দেহ তৈরি হয়। তাদের পুলিশে দিয়ে দেওয়া হয়েছে।
তবে আটক রিয়াজ উদ্দিন ও শহীদ বাদশা সবুজের দাবি, তারা একটি অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলেন। অভিযোগের বিষয়ে একাধিক কর্মকর্তার টেবিলে পাঠানোয় তারা হয়রানির শিকার হন বলে দাবি করেন। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানাতে তার কক্ষের সামনে গেলে অফিসের কর্মীরা তাদের ভেতরে প্রবেশে বাধা দেন।
গোপনে ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে তারা ভুল হয়েছে বলে স্বীকার করেন।
এদিকে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু