Home » বরিশাল » রাজাপুরে ইউনিয়ন পৃথকীকরণ নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
২৩ October ২০২৬ Friday ৮:২১:১১ PM
রাজাপুরে ইউনিয়ন পৃথকীকরণ নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পৃথকীকরণের দাবিতে ও এর বিরোধিতায় পাল্টাপাল্টি মানববন্ধনের উদ্যোগকে কেন্দ্র করে গালুয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ২টা থেকে আগামীকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ সকালে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর গালুয়া ইউনিয়ন পৃথকীকরণের পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালনের উদ্যোগ নেয়। এ নিয়ে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হলে উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয়।
আদেশ অনুযায়ী, গালুয়া বাজার ও বাজারসংলগ্ন এলাকায় জনসাধারণের প্রবেশ, প্রকাশ্যে সভা-সমাবেশ, মিছিল, মিটিং এবং মাইকিংসহ শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বাজার ও বাজারসংলগ্ন এলাকার ২০০ মিটার ব্যাসার্ধের বাইরে সন্নিহিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সমাবেশ, মিছিল ও মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে লাঠি বা অন্য কোনো ধরনের অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
আজ বিকেল পর্যন্ত গালুয়া বাজার এলাকায় পুলিশ মোতায়েন ছিল। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ সময় পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা