প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দ্বীপজেলা ভোলাকে সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি দীর্ঘদিনের। ভোলা-বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে ২০২৪ সালে। রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা মহসড়ক নির্মাণের ঘোষণাও এসেছে। তবে প্রকল্পগুলোর বাস্তবায়নে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। ভোলার বাসিন্দাদের দাবি, সেতু ও সড়ক যোগাযোগ অবকাঠামো নির্মিত হলে জেলার অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ বাড়বে।
ভোলা-বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ২০২৪ সালে শেষ করে সেতু বিভাগ। বরিশালের লাহারহাট থেকে ভোলার ভেদুরিয়া পর্যন্ত কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৪৬৬ কোটি টাকা। ২০২৫ সালের মে মাসে প্রস্তাবিত সেতু নিয়ে ভোলায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে সেতু কর্তৃপক্ষ। তবে এরপর প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, গত আগস্টে ‘রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা’ রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে জাতীয় সড়ক নেটওয়ার্কের আওতায় আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, এ প্রকল্পে নতুন করে সাড়ে ২১ কিলোমিটার সড়ক নির্মাণ এবং পুরনো সড়ক প্রশস্ত করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া ভোলার ইলিশা চ্যানেলে ১ হাজার ৪০০ মিটার, হিজলা ও মেহেন্দীগঞ্জের মাঝকাটা এলাকায় ১ হাজার ৩০০ মিটার এবং ৩০০ মিটার দীর্ঘ তিনটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত সড়ক যোগাযোগব্যবস্থা বাস্তবায়ন হলে ভোলা থেকে শরীয়তপুর ও ঘোষেরহাট হয়ে রাজধানী ঢাকায় যাতায়াতের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের মাধ্যমে শিগগির কাজ শুরুর কথা রয়েছে। এ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে স্থানীয় প্রশাসন। তবে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভোলার বাসিন্দারা।
এ নিয়ে গণস্বাক্ষর অভিযানও শুরু করেছেন তারা। ‘আমরা ভোলাবাসী’র সদস্যসচিব মীর মোশারেফ অমি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের সমাবেশে ভোলা-বরিশাল সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সংসদে সেতুমন্ত্রীও শিগগির কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। কিন্তু নির্মাণকাজের দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকল্পটির বর্তমান অবস্থা সম্পর্কেও স্পষ্টভাবে কিছু জানি না। এ কারণে সেতু নির্মাণের দাবিতে আবারও ভোলাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করছেন।
সেতু নির্মাণে বিলম্বের কারণে ভোলার মানুষ হতাশ হয়েছেন বলে দাবি করেন সেতু আন্দোলনের সদস্য শরীফ হোসেন।
আর সেতু আন্দোলনের অন্যতম নেতা এনামুল হক বলেন, সামান্য দুর্যোগেই ভোলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চিকিৎসা ও শিক্ষার মতো প্রয়োজনীয় সেবা পেতে মানুষকে সমস্যায় পড়তে হয়।
ভোলার প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য জেলাটিকে মূল ভূখণ্ডের সঙ্গে সড়কপথে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির জেলা কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে।
ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হুমায়ুন কবির সোপান বলেন, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটনশিল্পের বিকাশে ভোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কারণে এসব সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর দ্রুত সেতু নির্মাণের তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ভোলার মানুষ বিচ্ছিন্ন দ্বীপ হয়ে থাকতে চান না। বরিশালের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে জেলার উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সহজ হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
একটি সেতুর অভাবে আটকে আছে ভোলার ব্যাপক সম্ভাবনা!
জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার-ববি’তে শিক্ষামন্ত্রী