Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:৪৯ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনার সড়ক যোগাযোগ: ঝুঁকিপূর্ণ ৩৫৭ লোহার সেতু, উদ্বেগ
৩০ August ২০২৫ Saturday ১২:৫৬:৩৯ PM
Print this E-mail this

বরগুনার সড়ক যোগাযোগ: ঝুঁকিপূর্ণ ৩৫৭ লোহার সেতু, উদ্বেগ


বরগুনা প্রতিনিধি:

‘নড়বড়ে পোল দিয়া যহন স্কুলে যাই আর আই, তহন খুব ডর লাগে। পোলে ওডলেই সব লইয়া কাঁপতে থাকে, আতঙ্কে পোল পার হই। মাঝেমধ্যে মায় আর বাবায় পার কইরা দিয়া যায়। যহন হেরা থাহে না, তহন মনে হয় এই বুঝি খালে পইড় যামু। অনেক দিন ডরে স্কুলেও যাই না।’ চোখে-মুখে আতঙ্ক নিয়ে কথাগুলো বলছিল বরগুনার বামনা উপজেলার হোগলপাতি গ্রামের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আসমা আক্তার। প্রতিদিন তাকে ঝুঁকিপূর্ণ একটি সেতু পার হয়ে পাশের পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়।

সরেজমিনে হোগলপাতি গ্রামে দেখা গেছে, গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে হলতা নদী। নদীটি বামনা ও মঠবাড়িয়া উপজেলাকে বিভক্ত করেছে। একসময় প্রমত্তা হলতা এখন একটি সরু খাল। এর ওপর রয়েছে প্রায় ৩০ বছরের পুরোনো একটি লোহার সেতু। সেতুটির লোহার বিম নেই বললেই চলে। ক্ষয়ে যাওয়া বিমের ওপর সেতুর স্ল্যাবগুলো ঠিক রাখার জন্য স্থানীয়রা খেজুরগাছ দিয়ে খুঁটি বানিয়ে কোনোরকমে চলাচলের উপযোগী করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেরামত ও সংস্কারের অভাবে বরগুনা জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৩৫৭টি সেতু চলাচলের অনুপযোগী। এগুলোর মধ্যে ধসে পড়েছে ১৮টি। ভাঙা ও ঝুঁকিপূর্ণ এসব সেতু দিয়ে প্রতিদিন পার হচ্ছে লাখ লাখ মানুষ ও যানবাহন। ১৯৯৭-৯৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় হালকা যান চলাচল (কম খরচে) প্রকল্পের অধীনে এসব সেতু নির্মাণ করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক বছরে ১৮টি সেতু ধসে প্রাণ হারিয়েছে ৯ জন। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে এসব সেতু পার হতে হচ্ছে। একের পর এক সেতু ধসে দুর্ঘটনা ঘটলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের।

এলজিইডির কার্যালয় সূত্রে জানা যায়, আমতলীতে ৯৮, তালতলীতে ৩১, বরগুনা সদরে ৮১, বামনায় ৪৪, বেতাগীতে ৬৪ এবং পাথরঘাটায় ৩৯টি ঝুঁকিপূর্ণ সেতু। এগুলো নতুন করে নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। এ ছাড়া জরুরি ভিত্তিতে নির্মাণের জন্য ১৪২টি সেতু চিহ্নিত করা হয়েছে; যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৫০ কোটি টাকা।

বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান জানান, ৩৫৭ সেতুর সব কটিই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এগুলোর মধ্যে ১৪২টি জরুরি ভিত্তিতে নির্মাণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। নতুন কোনো প্রকল্প না এলে এসব সেতু নির্মাণ বা মেরামত করা সম্ভব নয়।

কাঠ দিয়ে স্ল্যাব বানিয়ে যাতায়াত

সদর উপজেলার গৌরীচন্না বাজারের পশ্চিম পাশে খালে রয়েছে একটি আন্ত-উপজেলা সংযোগ লোহার সেতু। ওই সেতু দিয়ে বেতাগী উপজেলার সরিসামুড়ি ইউনিয়নের জনগণ জেলা সদরে যাতায়াত করে। এ ছাড়া গৌরিচন্নায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী ওই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে। কয়েক বছর আগে সেতুটির মাঝখান দিয়ে ভেঙে যাওয়ায় বর্তমানে কাঠ দিয়ে স্ল্যাব বানিয়ে যাতায়াত করছে স্থানীয়রা।

মাসুম বিল্লাহ নামের এক বাসিন্দা বলেন, ‘প্রায় ৬ বছর আগে সেতুটির মাঝখানের লোহার পিলার ভেঙে প্রায় ২০ ফুট জায়গায় সিমেন্টের ঢালাই ধসে পড়ে। স্থানীয়রা চলাচলের জন্য কাঠ দিয়ে স্লিপার তৈরি করে। সেটা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা ও মোটরসাইকেল। যেকোনো সময় সেতু ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

বরগুনা জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মনির হোসেন কামাল বলেন, ‘বরগুনার ছয়টি উপজেলার ৩৫৭টি লোহার সেতু এখন গলার কাঁটা। এসব সেতু পারাপারের সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।’

নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘নতুন প্রকল্পের মাধ্যমে সেতু নির্মাণের বিষয়ে পদক্ষেপ নেওয়া হলে বরগুনাবাসীর দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগ কেটে যাবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com