Home » পটুয়াখালী » বাউফল » পটুয়াখালী-২ (বাউফল) ডা. শফিকুল ইসলাম মাসুদ বেসরকারিভাবে নির্বাচিত
১৩ February ২০২৬ Friday ১২:৩৪:০২ AM
পটুয়াখালী-২ (বাউফল) ডা. শফিকুল ইসলাম মাসুদ বেসরকারিভাবে নির্বাচিত
পটুয়াখালী (বাউফল) সংবাদদাতা:
জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে ডা. শফিকুল ইসলাম মাসুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. শফিকুল ইসলাম মাসুদ জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট। ফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ২৬ হাজার ২৪৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন।
ভোটগ্রহণ শেষে প্রার্থীদের সমর্থকরা ফলাফল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, পটুয়াখালী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ২৮২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৫০১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বাউফল উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১৫টি।
রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদ জানিয়েছেন, চূড়ান্ত ফল ঘোষণা পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছেন ভোটাররা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ ও আগ্রহ।
এই আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের ডা. মো. শফিকুল ইসলাম মাসুদের মধ্যে। শুরু থেকেই এই দুই প্রার্থীকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা ও উত্তাপ ছিল তুঙ্গে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও গণঅধিকার পরিষদের প্রার্থী হাবিবুর রহমান নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালান।
ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও আনসার সদস্যদের তৎপরতায় কোথাও কোনো বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। নারী ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)